ক্র্যাকো, পোল্যান্ড, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিমান দুর্ঘটনায় নিহত প্রেসিডেন্ট লেস কাজিনস্কি ও তার স্ত্রী মারিয়াকে রোববার সমাহিত করছে পোল্যান্ড।
তবে ইউরোপের আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয়গিরির ছাই ধোঁয়ার কারণে এ অনুষ্ঠানে যোগ দিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাসহ অনেক বিশ্ব নেতা। ছাই ধোঁয়ার কারণে ওবামা পোল্যান্ডের প্রাচীন রাজধানী ক্র্যাকোর ওই শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।
এছাড়াও, জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল এবং ব্রিটেনের প্রিন্স চার্লসসহ বেশ কয়েকজন সম্মানিত অতিথিও একই কারণে এ শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে পারছেন না।
গত ১০ এপ্রিল রাশিয়ার পশ্চিমাঞ্চলে কাতিন বনে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হন পোল্যান্ডের প্রেসিডেন্ট কাজিনস্কিসহ দেশটির ৯৬ জন সামরিক বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনীতিক।
কাজিনস্কির যমজ ভাই সাবেক প্রধানমন্ত্রী জারোস্লোসহ পরিবারের অন্যান্য সদস্যরা পরিকল্পনামাফিক রোববারই শেষকৃত্যানুষ্ঠান সেরে ফেলতে বলেছেন। যদিও পোল্যান্ডসহ পুরো ইউরোপের আকাশ কালো ধোঁয়ার মেঘে ছেয়ে ফেলেছে। বন্ধ হয়ে গেছে ইউরোপের বিমান চলাচল।
প্রেসিডেন্ট ওবামা ওয়েভেলের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে না পেরে দুঃখ প্রকাশ করেছেন।
ক্র্যাকোতে না যাওয়ার সিদ্ধান্ত বাতিলের কিছুক্ষণ পরেই এক বিবৃতিতে তিনি বলেন, "প্রেসিডেন্ট কাজিনস্কি ছিলেন দেশপ্রেমিক এবং যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র। একইভাবে তার সঙ্গে যারা নিহত হয়েছেন তারাও। আমেরিকার জনগণ এসব বন্ধুপ্রাণকে কোনওদিনও ভুলবে না।"
পোল্যান্ডের পশ্চিমা প্রতিবেশী এবং বৃহত্তম ব্যবসায়িক অংশীদার জার্মানির চ্যান্সেলর মেরকেলও অনুষ্ঠানে যোগ দিতে না পেরে দুঃখপ্রকাশ করেছেন।
দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার পোল্যান্ডের আকাশের কিছু অংশ থেকে কালো মেঘ সরে যেতে পারে।
এদিকে, রাজধানী ওয়ারশ'র পিলসুদস্কি স্কয়ারে শনিবার এক লাখেরও বেশি শোকাহত মানুষ নিহতদের শেষ শ্রদ্ধা জানায়। রোমান ক্যাথলিকের শেষ শ্রদ্ধাসহ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক ও ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ব্রনিস্লো কমরোস্কির পক্ষ থেকেও শেষ শ্রদ্ধা জানানো হয়।
কর্মকর্তারা জানান, মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদে প্রয়াত প্রেসিডেন্ট কাজিনস্কির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রদর্শন করা হলে ১ লাখ ৮০ হাজার মানুষ তাদের শেষ শ্রদ্ধা জানায়।
শনিবার রাতে কফিন ওয়ারশ'র গির্জায় নিয়ে যাওয়া হয়। সেখানেও অগণিত মানুষ শনিবার সারা রাত শেষ শ্রদ্ধা নিবেদন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/এলকিউ/১৫৪৭ ঘ.
bdnews24