ব্যাংকক, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- থাইল্যান্ডে শুক্রবার নাটকীয়ভাবে গ্রেপ্তার এড়াতে সক্ষম হয়েছেন সরকারবিরোধী লাল শার্ট নেতারা।
এর আগে লাল শার্ট নেতাদের গ্রেপ্তার করতে এবং টেলিভিশন কেন্দ্র ঘেরাওয়ে তাদের পদযাত্রা ঠেকাতে ব্যাংককের এসসি পার্ক হোটেল ঘিরে রেখেছিল বিশেষ বাহিনী।
কিন্তু বিশেষ বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে এক লাল শার্ট নেতা হোটেলের বারান্দা থেকে রশি বেয়ে নেমে পালিয়ে যান। অন্যদের পুলিশের ব্যারিকেড থেকে উদ্ধার করে আনে কয়েকশ' লাল শার্ট কর্মী।
লাল শার্ট নেতারা সবাই পার্ক হোটেলে অবস্থান করছিল। হোটেলটি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার পারিবারিক সম্পত্তি।
রয়টার্সের আলোকচিত্রী সুক্রি সুকপ্ল্যাং বলেন, "প্রায় হাজার খানেক লাল শার্ট কর্মীর ঘিরে রাখা ট্রাকের মঞ্চে অবস্থান করছেন তিনজন নেতা। কর্মীদের অনেকের হাতেই পতাকা বাঁধা লাঠি।"
২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত থাকসিন সিনাওয়াত্রার সমর্থক লাল শার্টরা প্রধানমন্ত্রী অভিজিত ভেজ্জাজিভার পদত্যাগ এবং নির্বাচনের দাবিতে আন্দোলন করছে।
লাল শার্ট বিক্ষোভকারীরা তাদের পূর্ব নির্ধারিত টিভি স্টেশন ঘেরাও কর্মসূচি বাতিল করেছে। তাদের অভিযোগ, পক্ষপাতমূলক সংবাদ পরিবেশন করছে টিভি স্টেশন। সেইসঙ্গে ব্যাংককের বিভিন্ন স্থান থেকে কর্মীদের সরিয়ে এনে শপিং মার্কেট এলাকায় জড়ো করা হচ্ছে।
এদিকে, লাল শার্ট আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে না জড়ানোর আগের অবস্থান থেকে সরে এসেছে থাই সরকার। তারা দমন ও গ্রেপ্তার নীতি অবলম্বন করেছে।
উপপ্রধানমন্ত্রী সুথেপ থউগসুবান বলেন, "আমরা সন্ত্রাসী গ্রেপ্তার এবং দমন করব। সন্ত্রাসীদের ধরার জন্য আমরা বিশেষ বাহিনী মাঠে নামিয়েছি।"
রাজধানী ব্যাংকক পাঁচ দিন শান্ত থাকার পর সরকার পক্ষ থেকে এ ধরনের হুমকি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী অভিজিতকে উৎখাত করতে গ্রামাঞ্চল থেকে হাজার হাজার লাল শার্ট কর্মী চুড়ান্ত আন্দোলনের জন্য ব্যাংককে এসে শপিং মার্কেট এলাকায় জড়ো হচ্ছে।
গত শনিবার সেনাদের সঙ্গে লাল শার্ট বিক্ষোভকারীদের সংঘর্ষে ২৪ জন নিহত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৫৩৫ঘ.
bdnews24