২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভের মুখেও অটল থাই প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা লাল শার্ট বিক্ষোভকারিদের দাবির কাছে মাথা নত করবেন না এবং পার্লামেন্ট ভেঙে দেবেন না। থাই অর্থমন্ত্রী কর্ন চাটিকাভানিজ বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2010, 04:18 PM

Updated : 24 Aug 2022, 08:29 PM

ব্যাংকক, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা লাল শার্ট বিক্ষোভকারিদের দাবির কাছে মাথা নত করবেন না এবং পার্লামেন্ট ভেঙে দেবেন না। থাই অর্থমন্ত্রী কর্ন চাটিকাভানিজ বৃহস্পতিবার একথা বলেছেন। বৃহস্পতিবার নতুন করে রাজধানী ব্যাংককে লাল শার্টদের ব্যাপক বিক্ষোভের মধ্যে তিনি একথা বলেন। থাইল্যান্ডের নববর্ষ উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের শেষ দিন রাজধানী ব্যাংককের পরিস্থিতি শান্ত মনে হলেও বিশ্লেষকদের ধারণা, প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাভিজ্জির সময় শেষ হয়ে আসছে এবং ক্রমেই বেড়ে যাচ্ছে দেশটিতে নতুন কোনও সামরিক অভ্যুত্থানের সম্ভাবনা। গত সপ্তাহের সংঘর্ষে ২২ জন নিহত হওয়ার পর অভিজিত পার্লামেন্ট ভেঙে দিবেন কিনা জানতে চাইলে কর্ন রয়টার্সকে বলেন,"তিনি এটা করতে চান না।" তিনি আরো বলেন, "দীর্ঘ মেয়াদে এটি দেশের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে।" ব্যাংককের শপিং মলে সমবেত বিক্ষোভকারিরা জানিয়েছে সরকার পতনের জন্য তারা শনিবার আন্দোলন আরো জোরদার করবে। লাল শার্টদের নেতা ওয়েং টোজিরাকার্ন রয়টার্সকে জানিয়েছেন, তারা ছোট ছোট র‌্যালী করে সব থাই টেলিভিশন স্টেশনে গিয়ে সহিংসতার ঘটনা প্রচারে পক্ষপাতিত্বের ব্যাপারে অভিযোগ জানাবে। তিনি বলেন, "তারা আমাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। আমরা আমাদের অবস্থান পরিস্কার করব যাতে তারা নিরপেক্ষভাবে সংবাদ প্রচার করে।" পুলিশ কর্মকর্তা আমনোই নিম্মানো রয়টার্সকে জানিয়েছেন, টেলিভিশন স্টেশনগুলোতে পুলিশী নিরাপত্তা জোরদার করা হবে। এক মাসেরও বেশি সময় ধরে চলছে লাল শার্টদের সরকার বিরোধী আন্দোলন। কিন্তু এর পরও কোনও আশু সমাধানের আশা দেখতে পাচ্ছে না তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/২২১০ ঘ.