ইসলামাবাদ, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- পাকিস্তানে পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে বৃহস্পতিবার পাশ হয়েছে সংবিধানিক সংস্কার বিল। এ বিলের আওতায় প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির ক্ষমতা কমিয়ে তা প্রধানমন্ত্রী ও পার্লামেন্টের হাতে হস্তান্তর করা হবে।
এর আগে গত সপ্তাহে পার্লামেন্টের নিুকক্ষে ২৯২-০ ভোটে বিলটি সর্বসম্মতিক্রমে পাশ হয়।
জারদারি বিলটি সমর্থন করেছেন। এখন তাকে বিলটি সই করে আইনে পরিণত করতে হবে।
সিনেটে বিলটি নিয়ে ভোটাভুটির পরপরই প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেন, এ পদক্ষেপের মধ্য দিয়ে গণতন্ত্রের জয় হল। এই প্রথমবারের মতো প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং পার্লামেন্টের উভয়কক্ষ এক কাতারে এল।
এ '১৮ তম সংশোধনী বিল' পাশের মধ্য দিয়ে পাকিস্তানে কয়েকমাসের রাজনৈতিক বিরোধের অবসান ঘটবে বলে মনে করা হচ্ছে।
এর মধ্য দিয়ে জারদারি নামমাত্র প্রেসিডেন্টে পরিণত হবেন। ফলে পাকিস্তানে জারদারিকে নিয়ে রাজনৈতিক বিরোধিতা প্রশমিত হতে পারে। তবে বিশ্লেষকরা বলছেন, ক্ষমতাসীন দলের নেতা হিসাবে এরপরও জারদারির অনেক প্রভাব রয়ে যাবে।
এ সংশোধনীর মধ্য দিয়ে জারদারি অনেক গুরুত্বপূর্ণ ক্ষমতা হারাবেন। যেমন: পার্লামেন্ট ভেঙে দেওয়া, ক্ষমতাশালী সেনাপ্রধান নিয়োগ করা কিংবা প্রধান নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষমতা। এ ক্ষমতাগুলো পাবেন প্রধানমন্ত্রী।
বিশ্লেষকরা বলছেন, জারদারি অনিচ্ছা সত্ত্বেও প্রচণ্ড রাজনৈতিক চাপের মুখে এ সংশোধনীতে রাজি হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৩ ঘ.
bdnews24