নিউইয়র্ক, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে জাতিসংঘের নতুন অবরোধ আরোপের বিষয় নিয়ে শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে বৈঠকে গঠনমূলক আলোচনা হয়েছে। কূটনীতিকরা এ কথা বলেছেন।
তবে কূটনীতিকরা ধারণা করছেন, নিরাপত্তা পরিষদে পাস হতে পারে অবরোধের এমন খসড়ার বিষয় নিয়ে দেশগুলোর মধ্যে কয়েক সপ্তাহ বিতর্ক হতে পারে।
ফরাসি কূটনীতিক জেরার আরঁ সাংবাদিকদের বলেন, "আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং অগ্রসর হচ্ছি। অবশ্যই আমরা আবারও বৈঠকে বসবো এবং আলোচনা করবো।"
তিনি আরো বলেন, "লিখিত বিষয়ের ওপর ভিত্তি করে আমরা আলোচনা শুরু করেছি। আলোচনায় অংশগ্রহনকারী ছয়টি দেশ একই রকম ভাবছে বলে আমার ধারণা।" তিনি এর বেশি আর কিছু বলেননি। এমন কী পরবর্তী বৈঠক কবে নাগাদ হতে পারে সে সম্পর্কেও তিনি কোন আভাস দেননি।
নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ সদস্য ও জার্মানি জাতিসংঘে এ বৈঠকে বসে। ইরানের ঘনিষ্ঠ অর্থনৈতিক সহযোগী চীন আলোচনায় বসতে সম্মত হওয়ার পর এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় বৈঠক।
চীন ও রাশিয়ার কূটনীতিকরা বৈঠকে যে অবস্থান নিয়েছেন তাতে মনে হয়েছে এ দুটি দেশ ইরানের ওপর অবরোধ আরোপে তেমন আগ্রহী নয়। চীনের কূটনীতিক ফরাসি কূটনীতিকের চেয়ে খানিকটা সংযতভাবে বলেছেন, আলোচনা গঠনমূলক হয়েছে।
চীনা কূটনীতিক লি বোয়াডোং বলেন, "আমরা আমাদের প্রত্যেকের অবস্থান সম্পর্কে বেশ বুঝতে পেরেছি।"
কূটনীতিকরা যুক্তরাষ্ট্রের তৈরি খসড়া প্রস্তাবের ওপর আলোচনা করেছেন। কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র প্রস্তাবের এ খসড়া সরবরাহ করে। এই খসড়ায় ইরানের চতুর্থ দফা অবরোধ আরোপের প্রস্তাব করা হয়েছে। ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে অস্বীকৃতি জানানোয় যুক্তরাষ্ট্র দেশটির ওপর অবরোধ আরোপ করতে চাইছে।
পশ্চিমারা মনে করে, ইরান আনবিক অস্ত্র বানানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু ইরান বরাবরই এই অভিযোগ প্রত্যাখান করে বলেছে, কেবল বিদ্যুৎ উৎপাদনই তাদের উদ্দেশ্য।
নতুন খসড়ায় ইরানের ব্যাংকিং খাত সীমিত করণ, পূর্ণ অস্ত্র অবরোধ এবং জাহাজ চলাচলে বিধিনিষেধ, বিপ্লবী গার্ড বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন এবং ইরানের জ্বালানি খাতে নতুন বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/কেএমএস/১৩৩৬ ঘ.
bdnews24