ওয়াশিংটন, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ ফ্লাইটের একটি বিমানে সিগারেট ধরিয়ে ও ধমক দিয়ে নিরাপত্তা ভীতি ছড়িয়েছেন কাতারের এক কূটনীতিক। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
বুধবার ওয়াশিংটন থেকে ডেনভারগামী ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ৬৬৩-এর বোয়িং ৭৫৭ বিমানের যাত্রী ওই কূটনীতিক বিমানের টয়লেটে সিগারেট ধরালে নিরাপত্তা এলার্ম বেজে ওঠে। পরে বিমান কর্মীদের সঙ্গে বাগ বিতণ্ডায় তিনি এমন এক মন্তব্য করেন যা ছিল হুমকির মতো।
ওয়াশিংটনে নিয়োজিত কাতারের রাষ্ট্রদূত এই ঘটনা 'ভুলক্রমে' ঘটেছে উল্লেখ করে বলেন, সরকারি কাজে ওই কূটনীতিক ডেনভার যাচ্ছিলেন।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, ওই ব্যক্তি পুলিশি হেফাজতে আছেন এবং ঘটনা তেমন গুরুতর নয়।
ওয়াশিংটনে কাতারের রাষ্ট্রদূত আলী বিন ফাহাদ আল হাজরি বলেন, "ওই ব্যক্তি হুমকি দেওয়ার মতো কোনও কর্মকাণ্ডে জড়িত ছিল না। ভুলক্রমে ব্যাপারটি ঘটেছে মাত্র। তাই আমরা সব পক্ষকেই শান্ত থাকার অনুরোধ করছি এবং এ ব্যাপারে কোনও ধরনের অনুমান বা সেই অনুমানের ওপর নির্ভর করে কিছু না করার জন্য অনুরোধ করছি।"
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে সংক্ষেপে এ ঘটনা জানানো হয়েছে।
নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড জানায়, এ ঘটনায় দুটি এফ-১৬ জঙ্গি বিমান আকাশে বিমানটিকে পাহারা দিয়ে ডেনভারে নিয়ে যায়। বিমানটি ডেনভারে নিরাপদে অবতরণ করে।
কর্মকর্তারা জানান, ওই কাতারি যাত্রী পুলিশ হেফাজতে আছে। তবে ঘটনা খুব মারাত্মক কিছু বলে মনে হচ্ছে না।
কর্মকর্তারা বলেন, "বিমানের টয়লেটে ধূমপান করায় এয়ারলাইন্স কর্মীদের প্রশ্নের মুখে যাত্রীটি সম্ভবত বেফাঁস কিছু বলে ফেলেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৬৫৩ঘ.
bdnews24