তিজুয়ানা, মেক্সিকো, এপ্রিল ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্ত এলাকায় রোববার ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে কমপক্ষে একজন নিহত ও প্রায় একশ' জন আহত হয়।
ভূমিকম্পে মেক্সিকোর তিজুয়ানা থেকে লস এঞ্জেলেস পর্যন্ত একটি মহাসড়কে ফাটল সৃষ্টি দিয়েছে।
মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া প্রদেশের জরুরি সেবা বিভাগের পরিচালক আলফ্রেদো এসকোবেদো জানান, ভূমিকম্পে মেক্সিক্যালিতে একটি ভবন ধসে একজন মারা গেছে।
তিনি আরও জানান, এক ব্যক্তি লিফটে আটকা পড়েছে। অনেক স্থানে দেয়াল ধসে গেছে এবং বেশকিছু অঞ্চল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আলফ্রেদো রয়টার্সকে বলেন, "আহত হয়েছে প্রায় একশ' জন।"
তবে বিধ্বস্ত ভবনে ঠিক কতজন আটকা পড়েছে এ বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
স্থানীয় সংবাদপত্র লা ক্রোনিকা এই ভূমিকম্পে দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে।
ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মেক্সিকালি থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে। প্রথম কম্পনের পর বেশ কয়েকটি পরাঘাতে কেঁপে কেঁপে উঠে মেক্সিক্যালি।
মেক্সিক্যালি সীমান্তবর্তী মার্কিন শহর ক্যালেক্সিকোতে ভূমিকম্পে কিছু ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি বলে স্থানীয় দমকল বাহিনী প্রধান পিট মার্কাদো এবিসিসেভেন টেলিভিশনকে জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/কেএমএস১২৫৯ঘ.
bdnews24