মস্কো, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---রাশিয়ার দাগেস্তানে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার কয়েকদিনের মধ্যে রোববার আবারও বোমা বিস্ফোরণ ঘটেছে। রেললাইনে এ বোমা বিস্ফোরণে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থাগুলো।
ইতার তাস ও ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা পুলিশ ও জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, মস্কো থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের আজারবাইজান অভিমুখী একটি রেললাইনে ভোররাতে এ বিস্ফোরণ ঘটে। এতে নির্মাণ সামগ্রী বহন কারী ট্রেনটির ৮ টি বগি লাইনচ্যুত হয়।
গত সপ্তাহে মস্কো ও দাগেস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৫০ জনের বেশি নিহত হওয়ার পর রাশিয়া কোণঠাসা হয়ে পড়েছে। সংখ্যগরিষ্ঠ খ্রিস্টান ধর্মালম্বীদের পবিত্র ইস্টার সানডের পালনের জন্য রোববার কড়া নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগে দাগেস্তানের কিজলিয়ার শহরে বুধবার দু'দফা আত্মঘাতী বোমা হামলায় ৯ পুলিশ কর্মকর্তসহ ১২ জন নিহত হয়।
চেচেন বিদ্রোহিরা আগের দুইজায়গার হামলার দায় স্বীকার করে রাশিয়ার প্রাণকেন্দ্রে আরও হামলা চালানোর হুমকি দেওয়ার দু দিন পর রোববার দাগেস্তানে আবারও এ হামলা হল।
পুলিশের উদ্ধৃতি দিয়ে ইতার তাস জানিয়েছে, রোববারের এ বোমা বিস্ফোরণে রেলপাতে ৩ দশমিক ৫ মিটার চওড়া একটি গর্ত সৃষ্টি হয়েছে এবং ৩ শ' মিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬২৫ ঘ.
bdnews24