মস্কো, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মস্কো ও দাগেস্তানে বোমা হামলার দায় স্বীকার করেছে চেচেন বিদ্রোহীরা। এক সপ্তাহের মধ্যে দুই জায়গায় এ হামলায় অন্ততপক্ষে ৫০ জন নিহত ও ১শ জন আহত হয়েছে।
দাগেস্তানে আকস্মিক পরিদর্শনে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ।
ওদিকে, রাশিয়ার প্রাণকেন্দ্রে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে চেচেনরা।
ইসলামী বিদ্রোহীদের ওয়েবসাইট 'কাভকাজকার সেন্টার ডটকম' এ এক ভিডিও চিত্রে চেচেন বিদ্রোহীদের নেতা ডকু উমারোভ বলেছেন, তিনিই মস্কোয় হামলার নির্দেশ দিয়েছেন।
রাশিয়ার উত্তর ককেশাস অঞ্চল দাগেস্তানে বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার কয়েকঘন্টা পরই ভিডিওটি পোস্ট করা হয়।
চেচেনরা রাশিয়ার বড় বড় শহর গুলোতে আরও বোমা হামলা করবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ক্রেমলিনের এক মুখপাত্র জানিয়েছেন, নিরাপত্তা ও আঞ্চলিক নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করতে উত্তর ককেশাস অঞ্চলের স্থানীয় রাজধানী মাখাচকালায় গেছেন মেদভেদেভ। তার সঙ্গে গেছেন রাশিয়ার শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারও।
ককেশাস অঞ্চলের আমীর দাবি করে আসা রাশিয়ার মোস্ট ওয়ানটেড গেরিলা উমারোভ বলেন, কাফেরদের ধ্বংস করার জন্য আমিই মস্কোয় আত্মঘাতী বোমা হামলার নির্দেশ দিয়েছি।
যোদ্ধার সজ্জায় সজ্জিত উমারোভ আরও বলেন, দুটি ঘটনাই আমার নির্দেশে হয়েছে। এবং এটিই শেষ নয় এরকম হামলা আরও হবে।
৪৫ বছর বয়স্ক উমারোভ কাঠের মেঝেতে বসে বলেন, তোমরা রাশিয়ানরা শুধু টিভি ও বেতারে যুদ্ধের খবর দেখো বা শোনো। আল্লাহর ইচ্ছায় আমি শপথ করছি তোমাদের রাস্তায় যুদ্ধ হবে । তোমরা চামড়ায় এই যুদ্ধ কে অনুভব করবে।
সাড়ে চার মিনিটের এই ভিডিও টেপ আল্লাহু আকবর বলে ক্যামেরার দিকে অঙ্গুলি নির্দেশ করে শেষ হয়।
বিবিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/এলকিউ/১৬১০ ঘ.
bdnews24