টোকিও, মার্চ ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু বোমা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর উত্তর কোরিয়ার ওপর আরোপিত প্রথম দফা অবরোধের সময়সীমা আরও বাড়াতে চাইছে জাপান। মঙ্গলবার দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান।
জাপান ২০০৬ সালে এই অবরোধ আরোপ করে। এর সময়সীমা আগামী ১৩ এপ্রিল শেষ হতে যাচ্ছে। এ নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়া থেকে আমদানি বন্ধ করার পাশাপাশি জাপানি বন্দরে কোনও উত্তর কোরীয় জাহাজ নোঙ্গরের উপরও নিষেধাজ্ঞা দেয় জাপান।
মন্ত্রী পরিষদ বিষয়ক মুখ্য সচিব হিরোফুমি হিরানো এক সংবাদ সম্মেলনে বলেন, "আসলে এ নিষেধাজ্ঞা না বাড়ানোর কোনও কারণই আমি দেখি না।"
সরকার নিষেধাজ্ঞার সময়সীমা এক বছরে থেকে কমিয়ে ৬ মাস করার চিন্তা ভাবনা করবে কি-না, এমন প্রশ্নে হিরানো জানান, বহুপক্ষীয় আলোচনার মাধ্যমে এ বিষয়টি খতিয়ে দেখা হবে।
জাপান অবশ্য পিয়ং ইয়ংয়ের প্রতি আহ্বান জানিয়েছে চীনের আয়োজিত নিরস্ত্রীকরণ আলোচনায় বসার জন্য। সেইসঙ্গে সত্তর এবং আশির দশকে উত্তর কোরীয় গোয়েন্দারা যেসব জাপানি নাগরিককে অপহরণ করেছিল তাদের ভাগ্যে কী ঘটেছে, তা জানার জন্যও চাপ দিচ্ছে।
গত বছর থেকে উত্তর কোরিয়ায় কোনও পণ্য রপ্তানি করাও বাদ দিয়েছে জাপান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৩২০ঘ.
bdnews24