লন্ডন, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- লন্ডনে পাতাল রেল স্টেশনে ১৫ বছর বয়সী এক কিশোরকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগে ১৯ জন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ শনিবার এ গ্রেপ্তারের খবর জানায়।
বৃহস্পতিবার বিকালে ব্যস্ত সময়ে ভিক্টোরিয়া লন্ডন আন্ডারগ্রাউন্ড স্টেশনে টিকিট বুকিং অফিসে ওই কিশোরকে ছুরিকাঘাত করা হয়। ছুরিকাহত হওয়ার কিছুক্ষণ পর সে মারা যায়।
ওই স্টেশনের আশপাশ থেকে ১৯ জন কিশোরকে গ্রেপ্তার করা হয়। তাদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে। তাদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।
ডিসিআই জন ম্যাক ফারলেন এক বিবৃতিতে বলেন, 'আমার ধারনা এটা পূর্ব পরিকল্পিত হামলা। ভিক্টোরিয়া রুটে চলাচলকারী বিভিন্ন বাসে লোকজন অস্ত্র বহন করে থাকে। এ ঘটনার সম্ভাব্য সব দিক সম্পর্কে আমি সচেতন।'
লন্ডনের উত্তর অংশে হ্যাকনিতে শনিবার সকালে পৃথক এক ঘটনায় অপর এক কিশোর নিহত হয়। এই হত্যাকাণ্ডেরও তদন্ত করছে পুলিশ।
এ ছাড়া আরও দুই ব্যক্তি ছুরিকাহত হয়েছে। তবে তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/কেএমএস/১৫২৫ঘ.
bdnews24