২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় জাপানিরা

জাপানে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি নিয়ে যে ক্ষোভের সঞ্চার হয়েছে মে মাসের মধ্যে তার সমাধান করতে না পারলে প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামার পদত্যাগ করা উচিত বলে মনে করেন জাপানিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2010, 06:07 AM

Updated : 24 Aug 2022, 07:49 PM

টোকিও, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানে যুক্তরাষ্ট্রের একটি বিমানঘাঁটি নিয়ে যে ক্ষোভের সঞ্চার হয়েছে মে মাসের মধ্যে তার সমাধান করতে না পারলে প্রধানমন্ত্রী ইউকিও হাতোইয়ামার পদত্যাগ করা উচিত বলে মনে করেন জাপানিরা। সানকেই সংবাদপত্র পরিচালিত এক জরিপের ফলাফলে মঙ্গলবার জাপানিদের এ মনোভাব প্রকাশ পেয়েছে। বেশিরভাগ জাপানি মনে করেন, হাতোইয়ামার পদত্যাগ করা উচিত। গত বছর নির্বাচনী প্রচারনার সময় ফিউতেনমা মার্কিন নৌ ঘাঁটিকে ওকিনাওয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ থেকে সরিয়ে নেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। তবে এর জন্য যে সময়সীমা তিনি বেঁধে দিয়েছিলেন তা পূরণে আর দু মাস বাকি থাকলেও এটি সরিয়ে নেওয়ার কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না। সানকেই পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের ৭৩ শতাংশই এ সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর ব্যবস্থাপনার সঙ্গে অসন্তোষ প্রকাশ করেছে। এদিকে জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৯২ শতাংশই বলেছেন, অর্থ বিষয়ক বেশ কিছু কলেঙ্কারি ক্ষমতাসীন দলের সাংসদদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। যা আগামী নির্বাচনকে প্রভাবিত করবে। গত বছর পার্লামেন্টের নিুকক্ষের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় ডেমোক্রেটিক দল। কিন্তু উচ্চকক্ষেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে হবে ডেমোক্রেটিক দলকে। আগামী জুলাই মাসে এ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে। উচ্চকক্ষে নির্বাচনে ডেমোক্রেটিক দলের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের ক্ষেত্রে দুটি বাধার কথা বলা হয়েছে জরিপে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ২৯ শতাংশেরও বেশি ডেমোক্রেটিক দলকে ভোট দেওয়ার কথা বললেও প্রধান বিরোধী দল লিবারেল ডেমোক্রেটিক দলকে ভোট দেওয়ার কথা বলেছে ২৪ শতাংশ। প্রায় ৮৫ শতাংশ বলেছেন, তারা হাতোইয়ামার নেতৃত্বের দক্ষতার বিষয়ে অসন্তুষ্ট। এছাড়া অংশগ্রহণকারীদের তিন চতুর্থাংশ মনে করেন অর্থ কেলেঙ্কারির জন্য দলের মহাসচিব ওজাওয়ার পদত্যাগ করা উচিত। এ অর্থ কেলেঙ্কারির সঙ্গে মহাসচিবের সাবেক ও বর্তমান তিনজন সহযোগীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/কেএমএস/১১৫০ঘ.