২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে লাল শার্ট বিক্ষোভকারীরা হতাশ

শান্তিপূর্ণ প্রতিবাদে চার দিন কেটে গেছে। অথচ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচন দেওয়ার অনুকুলে কোনও কথাই বলছেন না। ফলে সরকারবিরোধী বিক্ষোভকারীরা ক্রমেই হতাশ হয়ে পড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2010, 08:53 AM

Updated : 26 Apr 2022, 12:55 AM

ব্যাংকক, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিপূর্ণ প্রতিবাদে চার দিন কেটে গেছে। অথচ থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচন দেওয়ার অনুকুলে কোনও কথাই বলছেন না। ফলে সরকারবিরোধী বিক্ষোভকারীরা ক্রমেই হতাশ হয়ে পড়ছে। মঙ্গলবার তারা ব্যাংককে গণবিক্ষোভের প্রস্তুতি নেয়। ব্যাংককে যে সামরিক ঘাঁটিতে প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা তার সঙ্কটকালীন সদর দপ্তর স্থাপন করেছেন, সেই সদরদপ্তর অভিমুখে সোমবার মিছিল করে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সমর্থকরা। প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা তাদের নির্বাচন দেওয়ার দাবি প্রত্যাখ্যান করার পর তারা ফিরে এসে ব্যাংককের কেন্দ্রস্থলে একটি সেতুর কাছে জড়ো হয়। যেখানে তারা তাঁবু পেতেছে। থাই স্টক একচেঞ্জের প্রেসিডেন্ট পাতারিয়া বেঞ্জাপলচাই বলেন, "পরিস্থিতি দেখে তো মনে হচ্ছে সব কিছুই নিয়ন্ত্রণে আছে। যদি আমরা চলতি সপ্তাহটা কাটিয়ে দিতে পারি, তবে সব কিছুই স্বাভাবিক হয়ে আসবে।" মঙ্গলবার সকালে লাল শার্ট বিক্ষোভকারী নেতারা প্রত্যেক সমর্থকের শরীর থেকে এক শিশি করে রক্ত নেয়। এটাকে তারা গণতন্ত্র পুনরুদ্ধারে রক্ত দেওয়ার প্রতীক হিসাবে অভিহিত করে। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ৭৬ বছরের রুং সুরামানি বলেন, "যখন এই ছবিগুলো অভিজিতের কাছে পৌঁছাবে, সে কি একট্ওু লজ্জিত হবে না?" তিনি আরও বলেন, "সংখ্যাগরিষ্ঠদের ক্ষমতায় ফিরে আসার জন্য আমি আমার সব কিছুই ত্যাগ করতে রাজি আছি।" মূলত থাই গ্রামবাসীদের সংগঠন লাল শার্টরা বলছে, সামরিক বাহিনী, শহুরে অভিজাত এবং রাজন্যবর্গ যারা হলুদ শার্ট পড়ে প্রতিবাদের বিরোধিতা করছে এবং চরমভাবে প্রধানমন্ত্রী অভিজিতকে সমর্থন করছে তাদের দ্বারা তারা নিষ্পেষিত। তবে প্রতিবাদকারীদের কেউ কেউ এরই মধ্যে হতাশা ব্যক্ত করেছে। মিছিল সমাবেশের মাধ্যমে সরকারের উপর কার্যকর কোন চাপ সৃষ্টি না হওয়ায় তারা হতাশ। তাই কেউ কেউ বাড়ি ফিরে যেতে চাইছেন। কারণ, তারা দীর্ঘদিন কাজ ও পরিবার পরিজন ফেলে ব্যাংককে পড়ে থাকতে চাইছেন না। উত্তরাঞ্চলীয় ল্যাম্পাং প্রদেশ থেকে আসা মানাত তেঙমানি বলেন, "আমি আরও সাহসী কিছু করতে চাই, নয়তো চলে যেতে চাই। আসলে সত্যিকারের রক্তপাত ছাড়া অবস্থার কোনও পরিবর্তন হবে না। রক্তপাত ছাড়া থাইল্যান্ডের জনগণের ভাগ্যের কোনও পরিবর্তন ঘটবে না।" দু'বারের নির্বাচিত প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। ধারণা হয় হয়, বর্তমানে তিনি দুবাইয়ে স্বেচ্ছা নির্বাসনে আছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪৫০ঘ