প্যারিস, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রান্সের আঞ্চলিক নির্বাচনে প্রেসিডেন্ট নিকোলা সারকোজির দলের ভরাডুবির সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনে রোববার ভোটাভুটির সময় এক জরিপে এ তথ্য জানা যায়।
২০১২ সালে ফ্রান্সে পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে এই আঞ্চলিক ভোট সারকোজির মধ্য ডানপন্থী ইউএমপি দলের জন্য একটি অগ্নিপরীক্ষা।
ফ্রান্সে বেকারত্বের হার বৃদ্ধি এবং নিরাপত্তা ও অভিবাসন খাতে ব্যয় বৃদ্ধির কারণে সারকোজির জনপ্রিয়তা হ্রাস পেয়েছে।
বামপন্থী পত্রিকা দৈনিক লিবারেশন তাদের সম্পাদকীয়তে লিখেছে, আঞ্চলিক নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে তেমন প্রভাব ফেলে না। তবে এই আঞ্চলিক নির্বাচনই হচ্ছে ২০১২ সালে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের আগে সর্বশেষ নির্বাচন। এই নির্বাচন রাজনৈতিক পট পরিবর্তন ঘটাতে পারে।
প্রেসিডেন্ট সারকোজি বলেন, আঞ্চলিক বিষয়ের ওপর ভিত্তি করে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনের ফলাফল যদি আশানুরূপ নাও হয় তাহলেও তিনি তার দলের মধ্যে বড় ধরনের কোন রদবদল করবেন না।
অবশ্য গত সপ্তাহে সারকোজি বলেছিলেন, ভোটাররা যে রায় দেন তা তিনি আমলে নেবেন এবং সেক্ষেত্রে মন্ত্রিসভায় কিছুটা রদবদল করতেও পারেন।
জরিপ প্রতিষ্ঠান টিএনএস সোফঁ শুক্রবার ভোটার জরিপের ফলাফল প্রকাশ করে। এতে দেখা যায়, প্রথম দফা নির্বাচনে বিরোধী সোশ্যালিস্টরা ৩১ দশমিক ৫ শতাংশ ভোট পেতে পারে। অন্যদিকে সারকোজির ইউএমপি
দলের ভোট পাওয়ার সম্ভাবনা রয়েছে ২৯ শতাংশ।
নির্বাচনে রোববার প্রথম দফা ভোট গ্রহন চলে। দ্বিতীয় দফা ভোট হবে ২১ মার্চ। প্রধান দুই দলের প্রতিদ্বন্দ্বীরা দেশের ২৬ টি অঞ্চলে ভোটযুদ্ধ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিবি/কেএমএস/১৪৪০ঘ.
bdnews24