২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কের পূর্বাঞ্চলে ভূমিকম্প, নিহত ৫৭

তুরস্কের পূর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকায় সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে ৫৭ জন গ্রামবাসী নিহত হয়েছে। ধ্বংসস্তুপে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা তৎপর রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2010, 01:03 PM

Updated : 24 Aug 2022, 07:22 PM

কোভানচিলার, তুরস্ক, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তুরস্কের পূর্বাঞ্চলে প্রত্যন্ত এলাকায় সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে ৫৭ জন গ্রামবাসী নিহত হয়েছে। ধ্বংসস্তুপে আটকে পড়া লোকদের উদ্ধার করতে উদ্ধারকর্মীরা তৎপর রয়েছে। স্থানীয় কর্মকর্তারা এ কথা জানান। ইলাজিগ প্রদেশের বেসইয়ার্ট এলাকায় স্থানীয় সময় ভোর সাড়ে ৪ টার দিকে এ ভূমিকম্প হয়। ভূমিকম্পের তীব্রতা ছিল রিকটার স্কেলে ৬ । প্রায় ১ মিনিট স্থায়ী এ ভূমিকম্পের সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা ঘর থেকে ছুটে রাস্তায় নেমে আসার চেষ্টা চালায়। ভুমিকম্প পরবর্তী কয়েক ঘন্টয় ঘন ঘন ভূকম্পন অনুভূত হয়। ডোগান সংবাদ সংস্থার এলাজিগ প্রদেশের প্রতিনিধি নূরসেল সেনগেজার সিএনএন তুর্ককে এ কথা জানান। হাসপাতাল কর্মী এবং আত্মীয় স্বজনরা আহতদেরকে গাড়ী ও এ্যাম্বুলেন্সে করে কোভানসিলার শহরের কাছে একটি সরকারি হাসপাতালে নিয়ে যায়। আশপাশের গ্রামগুলোতে গ্রামবাসীরা ভোর হওয়ার আগ পর্যন্ত জেগে থাকে এবং আগুন জ্বালিয়ে উষ্ণতা আনার চেষ্টা করে। প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোগান তার একে পার্টির এক সভায় বলেন, আমি দূর্গত এলাকার লোকদের বলেছি যে তারা যেন বিধ্বস্ত হওয়া ঘরগুলোতে না ঢোকে। ভূমিকম্প ও এর পরবর্তী ভূকম্পন হচ্ছে। তাই আমি লোকজনকে তাদের ক্ষতিগ্রস্ত ঘরে না ঢোকার পরামর্শ দিয়েছি। প্রাদেশিক গভর্ণর মুয়াম্মার এরল জানান, ইলাজিগের বাসিউর্ত এলাকায় ভূমিকম্পে তিনটি মসজিদের মিনার ধসে পড়েছে। তিনি আরো বলেন, "আহতের সংখ্যা কত সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। এ্যাম্বুলেন্সে করে হতাহতদের আনা নেওয়ার কাজ চলছে। উদ্ধার কাজও শেষ হয়নি। আমাদের সৈন্যরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।" রেড ক্রিসেন্টের একটি দল সেখানে গিয়ে দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপন করেছে। ধ্বংসস্তুপের মধ্যে আটকে পড়া কেউ বেঁচে আছে কিনা উদ্ধারকর্মীরা তার খোঁজ করছে। রাষ্ট্রীয় 'আনাতোলি বার্তা সংস্থা' জানায়, উপ-প্রধানমন্ত্রী সেমিল সিসেক এবং অন্য তিন জন মন্ত্রী ভূমিকম্প দূর্গত এলাকা পরিদর্শনে গেছেন। ভূমিকম্পসঙ্কুল এলাকায় তুরস্কের অবস্থান এবং সেখানে প্রায়ই ভূমিকম্প হয়। ১৯৯৯ সালের আগষ্টে ৭ দশমিক ৪ তীব্রতার ভূমিকম্পে সেখানে প্রায় ১৮,০০০ লোকের প্রাণহানি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/কেএমএস/১৮৪০ঘ.