ইসলামাবাদ, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানে আফগান সীমান্তবর্তী এলাকায় বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে ৩১ জন নিহত হয়। এদের মধ্যে ৩০ জনই জঙ্গি।
একজন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, প্রায় ২০০ জঙ্গি রকেট ও স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র নিয়ে বৃহস্পতিবার ভোরে ওই নিরাপত্তা চৌকিতে হামলা চালায়।
পাকিস্তানের আফগান সীমান্তবর্তী উপজাতি অধ্যুষিত মোহাম্মদ এলাকায় এ সংঘর্ষ ঘটে।
সামরিক কর্মকর্তাটি জানান, জঙ্গিরা হামলা চালালে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা জবাব দেয়। এসময় দু পক্ষের মধ্যে ভয়াবহ লড়াই বেঁধে যায়। লড়াইয়ে ৩০ জঙ্গি ও এক নিরাপত্তাকর্মী নিহত এবং চারজন আহত হয়েছে।
অপর এক সেনা কর্মকর্তা জানান, ৫ জঙ্গির মৃতদেহ নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে।
বাজুর প্রদেশে প্রায় দু' বছর ধরে লড়াই শেষে পাকিস্তানের সেনাবাহিনী ওই অঞ্চল থেকে তালেবান ও আল কায়দা যোদ্ধাদের পুরোপুরি বিতারিত করার ঘোষণা দেওয়ার দুদিন পর এ ঘটনা ঘটল।
পাকিস্তানের আধা সামরিক বাহিনী পৃথকভাবে জানায়, তারা উত্তর পশ্চিমাঞ্চলের সামরিক শহর কোহাটের কাছ থেকে সপ্তাহ ব্যাপী চলা যুদ্ধে ৩৮ জঙ্গিকে হত্যা এবং ১৮ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএএস/১৬০৫ঘ.
bdnews24