নয়াদিল্লি, ফেব্রুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ভারতের পার্লামেন্টে শুক্রবার ২০১০-১১ সালের সাধারণ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী প্রণব মুখার্জী। ২৩৯ বিলিয়ন ডলারের এ বাজেটে সামাজিক ও কৃষিখাতে ব্যয় বাড়ানোর পাশাপাশি নতুন করে রেকর্ড পরিমাণ ঋণ গ্রহণের পরিকল্পনা করেছে সরকার।
অর্থমন্ত্রী প্রণব মুখার্জী পার্লামেন্টে বলেছেন, সরকার বাজার ঋণ ১ দশমিক ৩ শতাংশ বাড়ানোর পরিকল্পনা করেছে।
এতে করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) ওপর চাপ সৃষ্টি হবে এবং তারা মুদ্রানীতি কঠোর করতে তৎপর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তাছাড়া আরবিআই সুদের হারও বাড়াতে পারে বলে মনে করছেন তারা।
প্রণব বলেন, নতুন অর্থবছরে মোট ৪ দশমিক ৫৭ ট্রিলিয়ন রুপীর ঋণ পরিকল্পনা রয়েছে। এ অঙ্ক চলতি বছর শেষে ৪ দশমিক ৫১ ট্রিলিয়ন রুপী ঋণের যে রেকর্ড ধারণা করা হচ্ছে তার চেয়ে বেশি।
বাজেটে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে এবার করের হাত থেকে অনেকটা মুক্তি দিয়েছেন প্রণব মুখার্জী। আগের তুলনায় এবার করদাতারা অনেক বেশি ছাড় পাবেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির সময় করের এই ছাড়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলবে মানুষ।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির জন্য প্রণব মুখার্জী মূলত খারাপ আবহওয়াকে দায়ী করেছেন। তবে আগামী দিনে এ সমস্যার হাত থেকে রেহাই দিতে তিনি কৃষিক্ষেত্রে বিশেষ কিছু ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাজেটে।
মূলত কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই কৃষকদের বিশেষ সুবিধা ও বিভিন্ন রাজ্যে অর্থবরাদ্দ করা হয়েছে। বাজেট অনুযায়ী ফসলের উৎপাদন বাড়াতে সারে নতুন ভর্তুকি বিধি চালু করার পরিকল্পনা করেছে সরকার।
সারের এই ভর্তুকি সরাসরি কৃষকদের হাতে পৌঁছানোর বিশেষ উদ্যোগ নেবে সরকার। সেইসঙ্গে আগামী বছর থেকে চালু করা হবে নতুন সর নীতিও। রাজ্যভিত্তিক ফসলের উৎপাদন বাড়াতেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বাজেটে। কৃষকদের ঋণের ক্ষেত্রে বাজেটে বরাদ্দ করা হয়েছে ৩৭৫০০০ কোটি অর্থ বরাদ্দ করা হয়েছে।
প্রণব আরও জানান, সরকার ভারতের আর্থিক ঘাটতি কমানোর বিষয়টিতেও গুরুত্ব দিচ্ছে। বিবেচনা করছে সরকারি ঋণ এবং ব্যয় কমানোর কথা।
তাছাড়া, অর্থনৈতিক মন্দার সময় অর্থনীতি পুনরুদ্ধারে নেওয়া উদ্দীপক বিভিন্ন পদক্ষেপও সরকার পর্যালোচনা করে দেখবে বলে জানান তিনি। ওই সমস্ত পদক্ষেপ প্রবৃদ্ধি অক্ষুন্ন রাখতে সহায়ক হয়েছে। আর এখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা দরকার বলে তিনি মন্তব্য করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮১৭ ঘ.
bdnews24