নিয়ামি, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নাইজারের সামরিক শাসক বলেছে, নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সকল সাংবিধানিক ও নির্বাহী ক্ষমতা ধরে রাখবে।
তবে, এই অন্তবর্তীকালীন সময়ে তাদেরকে সহায়তা করার জন্য তারা একজন প্রধানমন্ত্রী ও সরকারের নাম ঘোষনা করবে।
সুপ্রিম কাউন্সিল ফর দি রেস্টোরেশন অফ ডেমোক্র্যাসি (সিএসআরডি) নামে পরিচালিত সামরিক জান্তা সোমবার জানায়, তারা একটি নতুন সংবিধানের খসড়া তৈরি করার জন্য একটি পর্ষদ গঠন করবে। নির্বাচন অনুষ্ঠানের আগে একটি গণভোটের মাধ্যমে এই পর্ষদকে বৈধ করা হবে। তবে এসব কবে নাগাদ হবে সে ব্যাপারে জান্তা কিছু বলেনি।
জান্তা প্রধান সালোও দিজিবোর বরাত দিয়ে রাষ্ট্রীয় বেতারে একটি বিবৃতি প্রচার করা হয়। এতে বলা হয়, সিএসআরডির প্রধান এক ডিক্রির মাধ্যমে একজন প্রধানমন্ত্রী ও সরকারের অন্যান্য সদস্যের নাম ঘোষণা করবেন।
সামরিক জান্তা আরও জানায়, এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তারা বেসামরিক কর্তৃপক্ষের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
সামরিক জান্তা গত বৃহস্পতিবার এক অভ্যূত্থানে দেশের প্রেসিডেন্ট মামাদো তানজা ও তার সরকারকে ক্ষমতাচ্যুত করে। অভ্যূত্থানকারী সেনারা প্রেসিডেন্ট তানজা ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট প্রাসাদের কাছেই একটি সেনা ব্যারাকে বন্দি করে রেখেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১২৫৭ঘ.
bdnews24