ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধান বিচারপতি ইফতেখার মাহমুদ চৌধুরীর মধ্যে যে বিরোধ শুরু হয়েছে তাতে হস্তক্ষেপ করেছেন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি।
তিনি রোববার বলেছেন, দেশে গণতন্ত্রের প্রতি কোনো হুমকি নেই। দেশ বা দেশের কোন প্রতিষ্ঠানের প্রতিও হুমকি নেই।
প্রেসিডেন্ট জারদারি প্রধান বিচারপতির অনুমোদন ছাড়াই গত শনিবার বিকেলে দুজন বিচারক নিয়োগ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে বিরোধ দেখা দেয়। এর ফলে পাকিস্তানের সরকার ও বিচারব্যবস্থা আবারও হুমকির মধ্যে পড়েছে।
দুই বিচারক নিয়োগের প্রেসিডেন্টের আদেশ শনিবার সুপ্রিম কোর্ট স্থগিত করে দেয়। সুপ্রিম কোর্টের একটি প্যানেল এক আদেশে জানায়, এই নিয়োগ স্থগিত করা হলো। কারণ, প্রেসিডেন্ট জারদারি প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ না করে দুই বিচারক নিয়োগ দিয়ে সংবিধান লংঘন করেছেন।
দুই বিচারকের একজনকে নিয়োগ দেওয়া হয় সুপ্রিম কোর্টে এবং অপরজনকে লাহোর হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে।
এই নিয়োগের প্রতিবাদে বিচারপতিরা শনিবার অনির্ধারিত বৈঠকে বসেন। বৈঠকের পর এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট জারদারির এই নিয়োগদান অসাংবিধানিক। বিচারপতিরা এ নিয়োগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেন।
পর্যবেক্ষকরা বলেছেন, প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এই উত্তেজনায় হস্তক্ষেপ করায় তেমন কোন লাভ হবে বলে মনে হয় না। প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচারপতিদের এই অবস্থান তালেবান ও আল-কায়েদা জঙ্গি নির্মূলে পাকিস্তানের চেষ্টাকে বাধাগ্রস্ত করবে।
এর আগে ২০০৭ সালে পাকিস্তানের সামরিক শাসক পারভেজ মোশাররফ ইফতেখার মাহমুদ চৌাধুরীকে বরখাস্ত করেন। ২০০৮ সালে জারদারি ক্ষমতা গ্রহনের পর ইফতেখার চৌধুরীকে পুনর্বহালের দাবিতে বিচারকেরা আন্দোলন শুরু করলে দেশটির সরকার ও বিচার বিভাগের মধ্যে উত্তেজনা শুরু হয়। অবশেষে গত বছর মার্চে ইফতেখার চৌধুরীকে তার পদে বহাল করতে বাধ্য হন প্রেসিডেন্ট জারদারি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৪২৫ঘ.
bdnews24