জেনেভা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নোবেল শান্তি পুরস্কার জয়ী ইরানি মানবাধিকার নেত্রী শিরিন এবাদি কূটনৈতিক সম্পর্ক খর্ব এবং কর্মকর্তাদের ভিসা প্রত্যাখ্যানের মাধ্যমে ইরানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।
তবে তিনি ইরানি জনগণের জন্য ক্ষতিকর হবে বলে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারটি নাকচ করে দিয়েছেন।
শুক্রবার এবাদি জানান, ইরানে মানবাধিকার পরিস্থিতি দিন দিনই সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এজন্য তিনি ইরানের নিরাপত্তা বাহিনীকে দোষারোপ করে বলেন, তারা সরকারবিরোধী শান্তিপূর্ণ প্রতিবাদকেও সহিংস উপায়ে দমন করছে।
গত বছর দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে নির্বাচনী ফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামে বিরোধী দল।
ইরানের মানবাধিকার ফোরামে এবাদি বলেন, "আমি অর্থনৈতিক অবরোধ এবং সামরিক হামলার বিরোধী। যাই হোক, ইরান সরকার যদি এভাবে মানবাধিকার লঙ্ঘন করে যায় এবং জনদাবি উপেক্ষা করে, তাহলে রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি ভাবা যেতে পারে।
তিনি আরও বলেন, "ইরানি সরকারের কাছে কেউ অস্ত্র বিক্রি করবেন না।"
এরপরই এবাদি রয়টার্সের কাছে বিষয়টি পরিষ্কার করে বলেন, যত দ্রুত ইরানের ওপর রাজনৈতিক নিষেধাজ্ঞা চাপানো যায়, ততই মঙ্গল। কারণ, ইরানের মানবাধিকার পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
তিনি বলেন, "ইরানি সরকারের সঙ্গে সম্পূর্ণ সম্পর্কচ্ছেদের কথা আমি বুঝাইনি। যা বুঝিয়েছি, তা হলো সম্পর্কের মাত্রাটা নামিয়ে আনা। উদাহরণস্বরূপ বলা যায়, ইরান থেকে নামীদামি কূটনীতিকদের প্রত্যাহার করে নেওয়া, কুটনৈতিক সম্পর্ক রাষ্ট্রদূতদের পর্যায় থেকে নামিয়ে চার্জ দ্য অ্যাফেয়ার্স কিংবা কনস্যুলার পর্যায়ে নিয়ে আসা। কিংবা কোনও সরকারি কর্মকর্তা বা সরকারের প্রতিনিধি দলকে ভিসা না দেওয়া।"
ইরানের উপর চতুর্থবারের মতো জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালিয়ে যাচ্ছে পশ্চিমা শক্তিগুলো। কারণ, ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরির কার্যক্রম অব্যাহত রেখেছে। যদিও ইরান বলছে, তাদের এ কর্মসূচি শুধু জনকল্যাণে পরিচালিত, তবু পশ্চিমাদের ধারণা, এ কর্মসূচির আড়ালে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/কেএমএস/১৪২৫ঘ.
bdnews24