বেথলেহেম, ফেব্র"য়ারি ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)-- ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি বুধবার জেরুজালেম থেকে বেথলেহেম যান সড়ক পথে। কিন্তু বহুল আলোচিত ইসরায়েলের তৈরি নিরাপত্তা দেয়াল তার নজরে পড়েনি।
আর এই ৮ মিটার (২৫ ফুট) উঁচু দেয়াল সম্পর্কে তিনি কিছু বলতে পারেননি।
বারলুসকোনি ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। এ সময় ইতালির একজন সাংবাদিক তাকে প্রশ্ন করেন, কংক্রিটের তৈরি ইসরায়েলি নিরাপত্তা দেয়াল সম্পর্কে তার অনুভুতি কী? জবাবে বারলুসকোনি বলেন, বিষয়টি তিনি খেয়াল করেননি। এ ব্যাপারে তিনি পরে জানাবেন।
ফিলিস্তিনি সূত্রগুলো নিশ্চিত করে জানায়, জেরুজালেম থেকে বেথলেহেম যাওয়ার পথে ওই নিরাপত্তা দেয়ালের কাছে চেকপয়েন্টে বারলুসকোনিকে ইসরায়েলি গাড়ি থেকে নামিয়ে ফিলিস্তিনি গাড়িতে তোলা হয়। প্রচণ্ড ঠান্ডা ও বৃষ্টির মধ্যে তিনি গাড়ি বদলান। সেখানে একটি গেইট পেরিয়ে তিনি গাড়িতে ওঠেন। পশ্চিম তীর ও ইসরায়েলি ভুখণ্ডে যাতায়াতের জন্য এই গেইটটি লোকজনকে ব্যবহার করতে হয়।
সংবাদ সম্মেলনে বারলুসকোনি বলেন, এই নিরাপত্তা দেয়াল ও গেইটের প্রতি তার মনোযোগ ছিলো না। তিনি বলেন, "প্রেসিডেন্টকে আমি কী বলবো সে সময় সেই চিন্তায় মগ্ন ছিলাম। বিষয়টি খেয়াল না করার জন্য আমি দু:খ প্রকাশ করছি।"
পশ্চিম তীর সীমান্তে ইসরায়েলের নির্মিত নিরাপত্তা দেয়ালের অংশ এই বেথলেহেম দেয়াল। ফিলিস্তিনি গেরিলা বা আত্মঘাতী হামলাকারীরা পশ্চিম তীর থেকে ইসরায়েলে ঢুকে যাতে হামলা চালাতে না পারে সে উদ্দেশ্যে এই দেয়াল তৈরি করেছে ইসরায়েল। উচ্চ পর্যায়ের অতিথিদের বেথলেহেমে নেটিভিটি চার্চ পরিদর্শনে নিয়ে যাওয়া হলে অনেক সময় তাদেরকে এই দেয়াল পরিদর্শনে নিয়ে যাওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেএমএস/১৩৩০ঘ.
bdnews24