২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিব্যাগবোর জন্য এবার রাষ্ট্রীয় তহবিলও বন্ধ

বিশ্ব ব্যাংকের পর এবার দ্য সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (বিসিইএও) আইভরি কোস্টের তহবিল থেকে জিব্যাগবোকে কোনো অর্থ দেওয়া হবে না বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 06:03 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব ব্যাংকের পর এবার দ্য সেন্ট্রাল ব্যাংক অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (বিসিইএও) আইভরি কোস্টের তহবিল থেকে জিব্যাগবোকে কোনো অর্থ দেওয়া হবে না বলে জানিয়েছে। বিবিসি শুক্রবার জানিয়েছে, ব্যাংক কর্তৃপক্ষ আলাসানে ওয়াত্তারাকে বৈধ প্রেসিডেন্ট মনে করে। ব্যাংক কর্তৃপক্ষ জানায়, আইভরি কোস্টের বৈধ সরকার নিয়োগকৃত ব্যক্তিদেরকেই শুধু ওই তহবিল হতে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা আহ্বান জানানোর পর এখনো ক্ষমতা হস্তান্তরে নারাজ আইভরি কোস্টের প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো। তার ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে বিশ্ব ব্যাংক অর্থ সহায়তা বন্ধ করে দিয়েছে। গত ২৮ নভেম্বরের দ্বিতীয় দফা প্রেসিডেন্ট নির্বাচনে আলাসানে ওয়াতারাকে বিজয়ী হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু সে ফলাফল প্রত্যাখান করে সাংবিধানিক পরিষদের সমর্থন নিয়ে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন জিব্যাগবো। নির্বাচনে পরাজয় মেনে নেওয়ার জন্য জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও আফ্রিকার নেতারা জিব্যাগবোর প্রতি বার বার আহ্বান জানালেও তা নাকচ করে সেখান থেকে শান্তিরক্ষী বাহিনীকে চলে যাওয়ার নির্দেশ দেন তিনি। কিন্তু জাতিসংঘ সেই নির্দেশ প্রত্যাখ্যান করে সেখানে আরো ছয় মাস শান্তিরক্ষী বাহিনী রাখার ঘোষণা দিয়েছে। এ নিয়ে দেশটিতে রাজনৈতিক সহিংসতার সৃষ্টি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে দেশটিতে তহবিল বন্ধ করে বিশ্ব ব্যাংক। এক বিবৃতিতে বিশ্ব ব্যাংক জানায়, প্রেসিডেন্ট লরেন্ট জিব্যাগবো নির্বাচনে হেরেছেন এবং তার সরে যাওয়া প্রয়োজন বলে ইকোয়াস ও আফ্রিকান ইউনিয়ন যে বার্তা পাঠিয়েছে তা বিশ্ব ব্যাংক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক সমর্থন করে। এদিকে, আইভরি কোস্টে ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে সহিংসতায় প্রায় ২শ' মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে জাতিসংঘ আইভরি কোস্টে নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তর নিয়ে সৃষ্ট সহিংসতায় ৫০ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলো। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বেট্টি ই কিং বৃহস্পতিবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদে জানান, তারা আইভরি কোস্টে সহিংসতায় ২শ' মানুষ নিহত হওয়া এবং আরো বহু মানুষ নির্যাতিত, নিপীড়িত হওয়ার বিশ্বাসযোগ্য খবর পেয়েছেন। অন্যদিকে, দেশটির সংকট আবার গৃহযুদ্ধে মোড় নিতে পারে বলে ইতোমধ্যে সতর্ক করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/এলকিউ/সিআর/১১১৫ ঘ.