লন্ডন, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গোপন তথ্য ফাঁস করে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ 'স্মৃতিকথা' প্রকাশ করতে যাচ্ছেন। এ লক্ষ্যে দুটি প্রকাশনা সংস্থার কাছে তার 'স্মৃতিকথা' প্রকাশের স্বত্ব বিক্রি করেছেন বলে খবর বেরিয়েছে।
অ্যাস্যাঞ্জের স্মৃতিকথার পাণ্ডুলিপি মার্চে চূড়ান্ত হবে বলে ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্র মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশনা সংস্থা 'র্যানডম'র অংশ ব্রিটেনের ক্যাননগেট এবং যুক্তরাষ্ট্রের নাফ প্রকাশনীর কাছে অ্যাস্যাঞ্জ তার স্মৃতিকথা প্রকাশের স্বত্ব বিক্রি করেছেন বলে গার্ডিয়ান দাবি করেছে।
সংবাদপত্রটি জানিয়েছে, র্যানডমের স্প্যানিশ প্রকাশকের মাধ্যমে অ্যাস্যাঞ্জের স্মৃতিকথা প্রকাশের খবরটি ফাঁস হয়ে গেছে।
তবে, এ সংক্রান্ত কোনো তথ্য এই মুহূর্তে তাদের কাছে নেই বলে জানিয়েছে র্যানডমের নিউ ইয়র্ক মুখপাত্র।
প্রকাশনা সংস্থা ক্যাননগেটও গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদনের তথ্য নিশ্চিত করতে কিংবা বাতিল করে দিতে ব্যর্থ হয়েছে।
অনলাইন বিজনেস ওয়েবসাইট 'ডেইলি ফাইন্যান্স'-এ ই-মেইলের মাধ্যমে ক্যাননগেট-এর প্রকাশক জ্যামি বিঙ এ খবর নিশ্চিত করেছে বলে গার্ডিয়ান তাদের প্রতিবেদনে জানিয়েছে।
৩৯ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক জুলিয়ান অ্যাস্যাঞ্জ একজন কম্পিউটার বিশেষজ্ঞ। চলতি বছর ইরাক-আফগান যুদ্ধ এবং মার্কিন কূটনৈতিক গোপন তথ্য ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হৈ চৈ ফেলে দেন তিনি।
তার বিরুদ্ধে সুইডেনে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। কিছুদিন আগে যুক্তরাজ্যে গ্রেপ্তার হওয়ার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন অ্যাস্যাঞ্জ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৩৫ ঘ.
bdnews24