ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুইডেনে 'প্রকৃত বিচার' পাবেন না বলে আশঙ্কা করছেন উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ। এ কারণে তাকে সুইডেনের কাছে হস্তান্তর আবেদনের বিরুদ্ধে লড়ছেন তিনি।
অ্যাস্যাঞ্জ বলেন, "যৌন নিপীড়নের অভিযোগ তোলা দুই নারী মূলত দুশ্চিন্তায় ছিলেন যে, তাদের যৌনবাহিত রোগে সংক্রমণের সম্ভাবনা আছে কি না।
"এ বিষয়ে তারা পুলিশের পরামর্শ চাইলে পুলিশ তাদের সঙ্গে প্রতারণা করে তাদের দিয়ে যৌন নিপীড়নের এ অভিযোগ তোলে।"
মঙ্গলবার যুক্তরাজ্যের ইস্ট অ্যাংগলিয়া ম্যানশন থেকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাতকারে একথা বলেন অ্যাস্যাঞ্জ। কঠোর শর্তে জামিনে থাকা অ্যাস্যাঞ্জ ওই ভবনেই বাস করছেন।
অ্যাস্যাঞ্জ জানান, সুইডিশ কর্তৃপক্ষ তাদের হস্তান্তর আবেদনে বলেছে মামলাটি নিয়ে তিনি ও তার আইনজীবী কথা বলতে পারবেন না।
"অনুরোধ অনুযায়ী আমাকে জোর করে সুইডেনে নিয়ে অন্যদের সঙ্গে যোগযোগ বিচ্ছিন্ন অবস্থায় রাখা হবে। এ পরিস্থিতিতে প্রকৃত বিচার পাওয়া সম্ভব নয়।"
তিনি বলেন, "আইন অনুযায়ী আমার কিছু অধিকার আছে। বিশ্বজুড়ে কৌঁসুলিদের সঙ্গে আমার কথা বলার প্রয়োজন নেই। ওরা শুধু গালগল্পই করবে মান কোনো পদ্ধতি মেনে কথা বলবে না।"
গত নভেম্বরের শেষ দিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হাজার হাজার গোপন নথি ফাঁস করে উইকিলিক্স।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের ওয়াশিংটনের সঙ্গে বিনিময় করা মোট আড়াই লাখ গোপন নথি উইকিলিক্সের সংগ্রহে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/পিডি/১৮৩৫ ঘ.
bdnews24