২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের হুমকির মধ্যেই দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়া

উত্তর কোরিয়ার হুমকির মধ্যেই কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের ইয়োনপিয়ং দ্বীপে শনিবার থেকে প্রত্যক্ষ সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে দক্ষিণের নৌ সেনারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 06:56 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ইয়োনপিয়ং, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-উত্তর কোরিয়ার হুমকির মধ্যেই কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলের ইয়োনপিয়ং দ্বীপে শনিবার থেকে প্রত্যক্ষ সামরিক মহড়ার প্রস্তুতি নিয়েছে দক্ষিণের নৌ সেনারা। এর আগে শুক্রবার উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, দক্ষিণ কোরিয়া বিতর্কিত ওই দ্বীপে পরিকল্পনামাফিক সামরিক মহড়া চালালে আবার হামলার মুখে পড়বে এবং তা হবে গত মাসের হামলার চেয়েও ভয়ঙ্কর। এ পরিস্থিতিতে শুক্রবার বেইজিং উভয়পক্ষকে সহনশীলতার পরিচয় দিতে আহ্বান জানিয়েছে। নভেম্বরে এই ইয়োনপিয়ং দ্বীপেই উত্তরের গোলা হামলায় ২ বেসামরিক নাগরিকসহ ৪ জন নিহত হয়। ওই ঘটনায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারী নিউ মেক্সিকোর গভর্নর বিল রিচার্ডসন এই পরিস্থিতিকে 'বিপজ্জনক ও নিয়ন্ত্রণহীন' অ্যাখ্যা দিয়ে দক্ষিণের সামরিক মহড়া চালাতে দেওয়ার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, পরিকল্পনা অনযায়ী পশ্চিম উপকূলের ৮০ কিলোমিটারের ওই ক্ষুদ্র দ্বীপে ১৮ থেকে ২১ ডিসেম্বরের সামরিক মহড়া চলবে। নাম প্রকাশ না করার শর্তে এক নৌ সেনা কর্মকর্তা বলেন, "আমাদের পরিকল্পনার কোনো ঘোষণা আমরা আগে দেবো না। কেবল ওই দ্বীপের সাংবাদিকদের ঘটনার দুই থেকে তিন ঘণ্টা আগে বিষয়গুলো জানানো হবে।" কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানিয়ে শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং উ এক বিবৃতিতে বলেন, "কোরীয় উপদ্বীপের বর্তমান অবস্থা খুবই জটিল এবং স্পর্শকাতর। বিষয়টি নিয়ে চীন খুব উদ্বিগ্ন।" "কেবল সর্বশেষ পরিস্থিতিই নয় আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট হতে পারে এমন যে কোনো পদক্ষেপের বিরোধিতা করে আসছে চীন।", বলেন তিনি। ওদিকে, সিউল ও ওয়াশিংটনের রাষ্ট্রদূতকে তলব করে সামরিক মহড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে দক্ষিণ কোরিয়াকে এ মহড়া স্থগিত করার আহ্বান জানিয়েছে রাশিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২৫২ঘ.