কাঠমান্ডু, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের পূর্বাঞ্চলে নিখোঁজ ছোট্ট বিমানের ২২ আরোহীর সবাই মারা গেছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন।
নেপালের তারা এয়ারের ছোট্ট 'টুইন ওট্টের' বিমানটি কাঠমান্ডুর ১৬২ কিলোমিটার পূর্বে লামিডান্ডা থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই যোগযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানটি রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে যাচ্ছিল।
কাঠমান্ডু বিমানবন্দরের কর্মকর্তা বিমলেশ লাল কর্ণ বলেন, "পাহাড়ে ধাক্কা লেগে বিমানটি টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। আরোহীদের কেউই বেঁচে নেই।"
জেলাপ্রশাসক কেশব আচার্য জানান, যাত্রীদের সবাই তীর্থযাত্রী। একজন বিদেশি ও নেপালে বসবাসকারী বেশকয়েকজন ভুটানি শরণার্থী লামিডান্ডায় পুণ্যস্থান দর্শনে গিয়েছিলেন।
তবে বিদেশি যাত্রীর পরিচয় এখনো জানা সম্ভব হয়নি।
এর আগে আগস্টে কাঠমান্ডুর কাছে খারাপ আবহাওয়ার কারণে ৬ বিদেশিসহ ১৪ আরোহী নিয়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৩১০ ঘ.
bdnews24