সিডনি, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-লন্ডনে কারাবন্দি উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জ ওয়াশিংটনের নিন্দা ও হুমকি-ধামকি সত্ত্বেও যুক্তরাষ্ট্রের গোপন নথি ফাঁস করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
আটকাবস্থায় মায়ের কাছে অ্যাস্যাঞ্জ এ অঙ্গীকারের কথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার টেলিভিশনে মঙ্গলবার এ খবর প্রকাশ হয়েছে।
লন্ডনের কারাগারে অ্যাস্যাঞ্জের সঙ্গে সাক্ষাতের সময় তিনি নথি ফাঁস চালিয়ে যাবেন কিনা বিষয়টি জানতে অ্যাস্যাঞ্জের মা ক্রিস্টিন অ্যাস্যাঞ্জকে অনুরোধ জানায় অস্ট্রেলিয়ার নেটওয়ার্ক সেভেন টেলিভিশন চ্যানেল।
সাক্ষাৎ শেষে ক্রিস্টিন ওই টেলিভিশনকে দেওয়া লিখিত বক্তব্যে অ্যাস্যাঞ্জের উদ্ধৃতি দিয়ে বলেন, "আমি আমার আদর্শে অবিচল রয়েছি। এ পরিস্থিতি আমার মানসিকতায় কোনো পরিবর্তন ঘটাতে পারেনি।"
"এর মধ্য দিয়ে আমার সংকল্প আরো দৃঢ় হয়েছে এবং এটাই সত্য ও সঠিক।", বলেন অ্যাস্যাঞ্জ।
নভেম্বরের শেষদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তা ফাঁস করে ওয়াশিংটনের তোপের মুখে পড়ে উইকিলিক্স ও ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা অ্যাস্যাঞ্জ। তবে উইকিলিক্সের সংগ্রহে থাকা আড়াই লাখ গোপন বার্তার সবগুলোই প্রকাশ করার সিদ্ধান্তে অনড় তারা।
সুইডেনের দুই নারীর যৌন নিপীড়নের অভিযোগে লন্ডনের এক কারাগারে আটক রয়েছেন অ্যাস্যাঞ্জ।
উইকিলিক্স ওয়েবসাইটের অর্থ সহায়তা বন্ধ করা আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যাপারেও কঠোর অবস্থান নেওয়ার মনোভাব ব্যক্ত করেছেন তিনি।
এ বিষয়ে অ্যাস্যাঞ্জ বলেন, "এখন আমরা জানি যে, ভিসা, মাস্টারকার্ড, পেপ্যাল এবং অন্যান্যরা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির সহায়ক পুতুল।"
তিনি আরো বলেন, "এ ধরনের আইন বহির্ভূত ও অনৈতিক আক্রমণ থেকে আমার কাজ ও আমাদের লোকজনকে রক্ষা করতে আমি বিশ্ববাসীর কাছে আহ্বান রাখছি।"
লিখিত বক্তব্যে ক্রিস্টিন বলেন, তিনি অ্যাস্যাঞ্জকে জানিয়েছেন, তার প্রতি বিশ্বব্যাপী মানুষের সমর্থন রয়েছে।
তিনি বলেন, "তার মুক্তি ও ন্যায় বিচারের জন্য বিশ্বব্যাপী কিভাবে মানুষ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছে এবং দাবি তুলছে তা আমি তাকে বলেছি। এটা শুনে সে আন্তরিকভাবে সন্তোষ প্রকাশ করেছে।"
"একজন মা হিসেবে আমার সাহসী ছেলের পক্ষে দাঁড়ানোর জন্য আমি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।", বলেন ক্রিস্টিন।
অ্যাস্যাঞ্জের জামিনের জন্য মঙ্গলবার ব্রিটেনের আদালতে আবেদন করবেন বলে তার আইনজীবী জানিয়েছেন।
ওদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তা প্রকাশের জন্য যুক্তরাষ্ট্র অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনতে পারে বলে আশঙ্কা করছেন অ্যাস্যাঞ্জ ও তার আইনজীবী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এলকিউ/১৬২৩ ঘ.
bdnews24