ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ কোরিয়ার সেনাপ্রধান জেনারেল হ্যাওয়েঙ ইউয়ি-দন পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট লি মিয়ুঙ বাক গ্রহণ করেছেন বলে মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।
'দ্য চোসান ইলবো' সংবাদপত্র জানিয়েছে, সেনাপ্রধানের পদ থেকে অব্যাহতি চেয়ে সোমবার পদত্যাগপত্র দেন জেনারেল হ্যাওয়েঙ ইউয়ি-দন।
তার পদত্যাগের কারণ এখনো জানা যায়নি। তবে সম্পদের মালিকানা নিয়ে দন সমালোচনার মুখে ছিলেন বলে স্থানীয় সংবাদ মাধ্যমসূত্রে বিবিসি জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার ইয়োনপিয়ং দ্বীপে উ. কোরিয়ার গোলা হামলা নিয়ে সৃষ্ট উত্তেজনার মধ্যে পদত্যাগ করলেন তিনি।
উত্তরের ওই হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চার জন নিহত হয়। সে ঘটনার জের ধরে এর আগে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম তায়ে ইয়াং পদত্যাগ করেন।
এ বছর জুনে জেনারেল হ্যাওয়েঙকে সেনাপ্রধান করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজ্ঞাত এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহ্যাপ বার্তা সংস্থা জানিয়েছে, "সম্পদের বিনিয়োগ নিয়ে সংবাদ মাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় জেনারেল হ্যাওয়েঙ অবসরে যাওয়ার প্রস্তাব করেন। কারণ এ অবস্থায় সেনাপ্রধানের পদে থাকা তার পক্ষে সমীচিন নয় বলে মনে করেন তিনি।"
জেনারেল হ্যাওয়েঙের নেতৃত্বেই দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সংস্কার হতে যাচ্ছিল বলেও জানায় ইয়োনহ্যাপ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২২১ঘ.
bdnews24