২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উইকিলিক্সের কর্মকাণ্ড 'নিন্দনীয়': ওবামা

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তা প্রকাশ করে দুনিয়াজুড়ে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিক্সের কর্মকাণ্ডকে নিন্দনীয় হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2010, 07:21 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ওয়াশিংটন, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের গোপন বার্তা প্রকাশ করে দুনিয়াজুড়ে হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিক্সের কর্মকাণ্ডকে নিন্দনীয় হিসেবে অভিহিত করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, শনিবার তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এরদোয়ান ও মেক্সিকোর প্রেসিডেন্ট ফিলিপ ক্যালদেরনের সঙ্গে পৃথক ফোনালাপে এ মন্তব্য করেন ওবামা। নভেম্বরের শেষ দিকে বিশ্বের বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিনিময় করা আড়াই লাখের বেশি গোপন বার্তা প্রকাশ করে উইকিলিক্স। তাতে বিভিন্ন বিশ্ব নেতা সম্পর্কে মার্কিন কূটনীতিকদের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য ও বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের গোপন কূটনৈতিক তৎপরতার হদিস পাওয়া যায়। উইকিলিক্স ওইসব বার্তা প্রকাশের পর বিশ্বব্যাপী কূটনৈতিক টানাপোড়েনে পড়ে ওবামা প্রশাসন। যুক্তরাষ্ট্র এখন ওই টানাপোড়েন কাটিয়ে ওঠার চেষ্টায় আছে। বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, উইকিলিক্সের বার্তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্ক ও মেক্সিকোর সম্পর্কে কোনো অবনতি ঘটবে না বলে নেতারা মনে করছেন। বিবৃতিতে বলা হয়েছে, "এরদোয়ানের সঙ্গে ওবামা যুক্তরাষ্ট্র-তুরস্কের অংশীদারিত্বমূলক সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা বলেন এবং অনেক ইস্যুতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা। "উইকিলিক্সের নিন্দনীয় কাজের জন্য প্রেসিডেন্ট খেদ প্রকাশ করেন এবং যুক্তরাষ্ট্র ও তুরস্কের পারস্পারিক সহযোগিতার ক্ষেত্রে ওই বার্তা কোনো ক্ষতিকর প্রভাব ফেলতে পারবে না বলে নেতারা একমত।" ক্যালদেরনের সঙ্গে আলাপেও ওবামা উইকিলিক্স সম্পর্কে একই ধরনের মন্তব্য করেন। কানকুনের সম্মেলনে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যে অগ্রগতি হয়েছে ওবামা সেজন্য মেক্সিকোর প্রেসিডেন্ট ক্যালদেরনের প্রশংসা করেন বলেও বিবৃতিতে জানানো হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/এজে/১২২২ ঘ.