২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সঙ্কট সমাধানে একমত চীন-উত্তর কোরিয়া

কোরীয় উপদ্বীপের সঙ্কট নিরসনে একমত হয়েছে চীন ও উত্তর কোরিয়া। খোলাখুলি আলোচনার মধ্য দিয়ে দুপক্ষ মতৈক্যে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2010, 10:34 AM

Updated : 25 Aug 2022, 07:46 PM

সিউল, ডিসেম্বর ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোরীয় উপদ্বীপের সঙ্কট নিরসনে একমত হয়েছে চীন ও উত্তর কোরিয়া। খোলাখুলি আলোচনার মধ্য দিয়ে দুপক্ষ মতৈক্যে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিশ্লেষকরা বলছেন, পিয়ংইয়ং খুব সম্ভবত উত্তেজনা আর না বাড়াতে রাজি হয়েছে। কোরিয়া উপদ্বীপে বাড়তে থাকা উত্তেজনা কিভাবে সবচেয়ে ভালো সামাল দেওয়া যায় তা নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের বাদানুবাদের মধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে এ সমঝোতায় পৌঁছলো চীন। দক্ষিণ কোরিয়ায় গোলা হামলা চালানোর কারণে উত্তর কোরিয়াকে তিরস্কার করার জন্য যুক্তরাষ্ট্রের চাপ চীন এ পর্যন্ত এড়িয়ে এসেছে। উত্তর কোরিয়াকে বাগে আনতে চীনের নিস্ক্রিয়তার সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। ওদিকে, চীনও যুক্তরাষ্ট্রের সমালোচনার পাল্টা জবাব দিয়ে বলেছে, সামরিক হুমকির কারণে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা কমছে না। দুপক্ষের এ পাল্টাপাল্টি সমালোচনার মধ্যেই চীনের স্টেট কাউন্সিলর দাই বিঙ্গু পিয়ংইয়ং এ উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলের সঙ্গে বৈঠকে বসেন। এ বৈঠকেই নিবিড় ও খোলা আলোচনার মধ্য দিয়ে দুপক্ষ দ্বিপাক্ষীয় সম্পর্ক এবং কোরিয়া উপদ্বীপ পরিস্থিতি নিয়ে মতৈক্যে পৌঁছে। চীনের সিনহুয়া বার্তা সংস্থা একথা জানিয়েছে। উত্তর কোরিয়ার কেসিএনএ বার্তা সংস্থা জানিয়েছে, আলোচনা হয়েছে দু'দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতার সম্পর্ক বাড়ানোর বিষয়টিসহ পারস্পরিক উদ্বেগের বিভিন্ন বিষয় নিয়ে। দুই কোরিয়ার পুনরেকত্রীকরণ বিষয়ক জাতীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা পার্ক ইয়ং-হো বলেছেন, " দুপক্ষের মধ্যে যে মতৈক্য হয়েছে তা থেকে সঙ্কটপূর্ণ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে ও আলোচনার মধ্য দিয়ে নিরসনের প্রয়োজনীয়তার ব্যাপারে একটি সাধারণ সমঝোতা ছাড়া বেশিকিছু আশা করা কঠিন। আর এর সঙ্গে রয়েছে উত্তেজনা আর না বাড়ানোর বিষয়টি।" বৈঠক সম্পর্কে এর চেয়ে বেশিকিছু জানাতে পারেনি কোনো দেশের বার্তা সংস্থাই। পিকিং বিশ্ববিদ্যালয়ের 'স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিজ' এর অধ্যাপক ওয়াং ডং বলেন, সিনহুয়া দুপক্ষের মধ্যে যে মতৈক্যের কথা বলেছে সেটি আসলে কি তা বলা কঠিন। তবে তিনি বলেন, দাই হয়তো উত্তর কোরিয়ার পক্ষ থেকে উত্তেজনা আর না বাড়ানোর কোনো মৌখিক প্রতিশ্র"তি পেয়েছেন। চীন ছয়-জাতি আলোচনার টেবিলে অন্য ৪ দেশকে শামিল করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং ইলকে ভালো আচরণ করে দেখানোর অনুরোধ জানিয়ে থাকতে পারে। আর তা রক্ষার্থে উত্তর কোরিয়া ওই প্রতিশ্র"তি দিয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৩০ ঘ.