২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েব ঠিকানা বদলালো উইকিলিকস

উইকিলিকস ওয়েবসাইট বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার ওয়েব ঠিকানা বদলে পুনরায় চালু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 02:47 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

প্যারিস, ডিসেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)--- উইকিলিকস ওয়েবসাইট বৃহস্পতিবার রাতে বন্ধ হয়ে যাওয়ার পর শুক্রবার ওয়েব ঠিকানা বদলে পুনরায় চালু হয়েছে। উইকিলিকসের ডোমেইন সেবা প্রদানকারী মার্কিন প্রতিষ্ঠান এভরিডিএনএসডটনেট তাদের সার্ভিস বন্ধ করে দেওয়ায় ওয়েব ঠিকানা বদলাতে বাধ্য হয় উকিলিকস। উইকিলিকস গণ হ্যাকিং এর শিকার হওয়ার পর বৃহস্পতিবার এর সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। ওয়েবসাইটে একটি বিবৃতিতে এভরিডিএনএসডটনেট ২৪ ঘন্টার জন্য উইকিলিকস বন্ধের নোটিশ জারির কথা জানায়। ওদিকে, টুইটারে উইকিলিকসও ওয়েবসাইট বন্ধ হয়ে যাওয়ার স্বীকারোক্তি দেয়। কিন্তু সুইস ওয়েব ঠিকানা ব্যবহার করে ইতোমধ্যেই আবার চালু হয়েছে উইকিলিকস। টুইটারে উইকিলিকস তাদের নতুন ঠিকানা সবাইকে জানিয়েও দিয়েছে। এ ওয়েবসাইটটি এখন পাওয়া যাবে 'উইকিলিকসডটসিএইচ' ঠিকানায়। বিতর্কিত উইকিলিকস সাইট নিয়ে অনেক প্রতিষ্ঠানই বিপাকে পড়তে না চাইলেও অজস্র ওয়েব সেবা প্রদানকারী কোম্পানির সঙ্গে উইকিলিকসের চুক্তি থাকাটা অসম্ভব নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাছাড়া, আনুষাঙ্গিক অনেক সাইটের তালিকাও ইতোমধ্যে প্রকাশিত হয়েছে যেগুলো সবসময়ই চালু থাকবে বলে উইকিলিকস আশাবাদী। এ ধরনের কয়েকটি সাইটে উইকিলিকস এর নথির কপি আছে এবং সেগুলো ভিন্ন একটি ওয়েব সার্ভারে দেওয়া আছে। আর অন্য সাইটগুলো মূল নথিগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করতে ভিন্ন নামের ডোমেইন ব্যবহার করছে। নিরাপত্তা বিশ্লেষক পল মাটন বিবিসি কে বলেন, "এ ধরনের সাইট যত বেশি থাকবে উইকিলিকস কে বন্ধ করে দেওয়া ততই কঠিন হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৪ ঘ.