বার্লিন, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এক তৃতীয়াংশ জার্মান তাদের মুসলিম প্রতিবেশীদের সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন, যা ইউরোপীয় অন্যান্য দেশের নাগরিকদের তুলনায় অনেক কম।
বৃহস্পতিবার প্রকাশিত এক নতুন জরিপে এ চিত্র তুলে ধরা হয়।
ইউরোপীয়দের মধ্যে ৬২ শতাংশ ডাচ ও ৫২ শতাংশ ফরাসি মুসলিমদের সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন।
মুয়েন্সটার বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ববিদ ডেলিফ পোলাকের নেতৃত্বে এই জরিপ পরিচালিত হয়। এর মাধ্যমে তিনি মুসলিমদের সঙ্গে জার্মানদের মেলামেশার ঘাটতি ও দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
পাশাপাশি ইউরোপীয় অন্যান্য জাতির অবস্থানের তুলনামূলক চিত্র উপস্থাপন করেছেন।
প্রতিবেদনে বলা হয়, এক সময় বিভক্ত দেশ জার্মানির পশ্চিমাংশে অবস্থানকারীদের মধ্যে ৩৪ ভাগ মুসলিমদের সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করেন। পূর্বে অবস্থানকারীদের মধ্যে ২৬ ভাগের মধ্যে মুসলিমদের সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গি রয়েছে।
এর মাধ্যমে জার্মানিতে আঞ্চলিক পার্থক্যও তুলে ধরা হয়েছে। পশ্চিমাঞ্চলে বসবাসকারীদের ৪০ ভাগই জানিয়েছেন, তারা বিভিন্ন উপলক্ষ্যে মুসলিমদের সঙ্গে মেলামেশা করেন।
অন্যদিকে পূর্বাঞ্চলে বসবাসকারী মাত্র ১৬ ভাগের এ ধরনের সংযোগ রয়েছে বলে তারা জানিয়েছে।
জরিপে অংশ নেওয়া জার্মানদের মধ্যে অর্ধেকের কাছেই ইসলাম মানে নারীর প্রতি বৈষম্য, উগ্রবাদ ও সহিংসতা। তাদের কাছে ইসলামের ভাবমূর্তি এরকমই।
পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পর্তুগালের নাগরিকদের ওপর এই জরিপ পরিচালনা করা হয়।
এতে প্রতিটি দেশ থেকে পৃথকভাবে এক হাজার ব্যক্তির কাছ থেকে মতামত গ্রহণ করা হয়।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/সিআর/১২৪৯ঘ.
bdnews24