২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে ইন্টারপোলের 'রেড নোটিশ' জারি

ইরাক-আফগান যুদ্ধ ও মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে গ্রেফতারে সহযোগিতা করার জন্য মঙ্গলবার 'রেড নোটিশ' জারি করেছে ইন্টারপোল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2010, 04:50 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

লন্ডন, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরাক-আফগান যুদ্ধ ও মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দিয়ে বিশ্বব্যাপী হৈচৈ ফেলে দেওয়া ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাস্যাঞ্জকে গ্রেফতারে সহযোগিতা করার জন্য মঙ্গলবার 'রেড নোটিশ' জারি করেছে ইন্টারপোল। যৌন অপরাধ সংঘটনের অভিযোগে অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে সুইডেনেও গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। তবে তিনি বারবারই যৌন অপরাধের অভিযোগ অস্বীকার করে আসছেন। পুলিশের আন্তর্জাতিক সংস্থা ইন্টাপোলের ওয়েবসাইটে বলা হয়েছে, অস্ট্রেলিয়ায় জন্মগ্রহণকারী ৩৯ বছর বয়সী অ্যাস্যাঞ্জের কোনো তথ্য কারো কাছে থাকলে তিনি যেন তাদের জাতীয় বা স্থানীয় পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। 'রেড নোটিশ'র আওতায় জাতীয় পুলিশ কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারি করা যায় এবং সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর সহযোগিতাও পাওয়া যায়। সাবেক কম্পিউটার হ্যাকার অ্যাস্যাঞ্জ গত রোববার মার্কিন কূটনৈতিক গোপন নথি ফাঁস করে দেন। এর ফলে বিশ্বব্যাপী মার্কিন বিভিন্ন কর্মকাণ্ডের গোপন বিষয়াদি জনসমক্ষে চলে আসে। এসব ঘটনাই এ সময়ে সবচেয়ে আলোচিত ও সমালোচিত হচ্ছে। অ্যাস্যাঞ্জ বর্তমানে কোথায় রয়েছেন তা অজ্ঞাত। তবে তিনি এক দেশ থেকে অন্যদেশে পালিয়ে বেড়াচ্ছেন বলে ধারণা করা হয়। অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে আনা ধর্ষণ, যৌন নিপীড়নসহ এ সম্পর্কিত বিভিন্ন অভিযোগে সেপ্টেম্বরে তদন্ত শুরু করে সুইডেনের আইন প্রয়োগকারী সংস্থা। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ নভেম্বর অ্যাস্যাঞ্জকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় সুইডেনের একটি আদালত। আদালতের নির্দেশের পর অ্যাস্যাঞ্জের আইনজীবি বিজোর্ন হার্টিগ সাংবাদিকদের কাছে আশঙ্কা প্রকাশ করেন, অ্যাস্যাঞ্জের বিরুদ্ধে ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারি হতে পারে। অ্যাস্যাঞ্জ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ ভিত্তিহীন দাবি করে বিষয়টিকে সুইডেনের 'আইনি সার্কাস' বলে অভিহিত করেন। গত রোববার অ্যাস্যাঞ্জ মার্কিন কূটনীতি বিষয়ক আড়াইলাখ গোপন নথি ফাঁস করে দেন। এতে বিশ্বনেতাদের সম্পর্কে যুক্তরাষ্ট্রের নির্দয় মূল্যায়ন প্রকাশ পেয়েছে। গত অক্টোবরে অ্যাস্যাঞ্জ তার প্রতিষ্ঠিত ওয়েবসাইট উইকিলিকস-এর মাধ্যমে ইরাক যুদ্ধ সম্পর্কিত প্রায় ৪ লাখ গোপন মার্কিন নথি ফাঁস করে দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১০১৫ঘ.