২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগে এবছর ২১,০০০ মানুষের মৃত্যু

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে এ বছরের প্রথম নয় মাসে বিশ্বে ২১ হাজার মানুষের মৃত্যু ঘটেছে। ২০০৯ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 01:03 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ওয়াশিংটন, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে এ বছরের প্রথম নয় মাসে বিশ্বে ২১ হাজার মানুষের মৃত্যু ঘটেছে। ২০০৯ সালের তুলনায় এ সংখ্যা দ্বিগুণেরও বেশি। মানবিক ত্রাণ সংগঠন অক্সফাম সোমবার এক প্রতিবেদনে একথা জানিয়েছে। মেক্সিকোর কানকুনে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন চলার মধ্যে এ প্রতিবেদন প্রকাশ করলো অক্সফাম। এতে জলবায়ু পরিবর্তনের মারাত্মক পরিণতির দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করা হয়েছে পাকিস্তানের বন্যা, রাশিয়ায় দাবানল এবং প্যাসিফিক অঞ্চলের দ্বীপ দেশ তুভালুতে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধিকে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানে বন্যায় দেশের প্রায় ১ পঞ্চমাংশ এলাকা প্লাবিত হয়েছে। মারা গেছে ২ হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো ২ কোটি মানুষ। বন্যায় শস্যহানি, রোগবালাই ছড়ানো ও ঘরবাড়ি বিধ্বস্ত হওয়াসহ অন্যান্য অবকাঠামোগত ক্ষয়ক্ষতির মোট পরিমাণ দাঁড়িয়েছে ৯ দশমিক ৭ বিলিয়ন ডলারে। রাশিয়ায় জুলাই ও আগস্টে দীর্ঘদিনের গড় তাপমাত্রা ১৪ ডিগ্রি ফারেনহাইট অতিক্রম করে গেছে। মস্কোয় দৈনিক মানুষের মৃত্যুহারও বেড়েছে দ্বিগুণ। দাবানলে ২৬ শতাংশ গম নষ্ট হয়ে রপ্তানী বন্ধ হয়ে গেছে। ওদিকে, নিুাঞ্চলীয় তুভালুতে প্রতিবছর সমুদ্রপুষ্ঠের উচ্চতা প্রায় ০ দশমিক ২ ইঞ্চি করে বাড়তে থাকায় শস্য উৎপাদন সম্ভব হচ্ছে না। লবণাক্ত পানি কৃষিজমিতে ঢুকে পড়ে প্রধান খাদ্যসশ্য উৎপাদন ব্যাহত হচ্ছে। ফলে তুভালুকে বেঁচে থাকার জন্য প্রক্রিয়াজাত খাবার আমদানির ওপর নির্ভর করতে হচ্ছে। জলবায়ু পরিবর্তন ঠেকাতে আশু ব্যবস্থা যে প্রয়োজন তা চোখে আঙুল দিয়ে দেখাতেই এ তথ্য প্রকাশ করেছে অক্সফাম। বলা হয়েছে, ২০০৭ সালে জাতিসংঘের 'ইন্টারগভমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ' পরবর্তী বছরগুলোতে বিশ্বে তাপপ্রবাহ ভয়াবহরকম বেড়ে যাওয়া এবং বন্যাসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটার যে আশঙ্কা প্রকাশ করেছিলো, ২০১০ সালের এসমস্ত ঘটনায় তাই যেনো বাস্তবে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আশানুরূপ লক্ষ্য নির্ধারণে গত বছরের কোপেনহেগেন সম্মেলনে ব্যর্থতার পর এবার নতুন আশা নিয়ে শুরু হয়েছে কানকুন জলবায়ু সম্মেলন। এ সম্মেলনে জলবায়ু পরিবর্তন রোধের লড়াইয়ে ধনী ও দরিদ্র দেশগুলোর মতবিরোধ নিরসনের চেষ্টার পাশাপাশি বিশ্ব ঊষ্ণায়ন রোধ ও বাদাবন সংরক্ষণের প্রস্তুতির জন্য তহবিল গঠনেরও চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৪৫ ঘ.