২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি লি মিয়ুং বাকের

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক সোমবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরবর্তী কোনো উস্কানির জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 07:25 AM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সিউল, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক সোমবার উত্তর কোরিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পরবর্তী কোনো উস্কানির জন্য দেশটিকে চরম মূল্য দিতে হবে। সেইসঙ্গে তিনি ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলা হামলাকে মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ আখ্যা দিয়েছেন। লি বলেন "বেসামরিক জনগণের ওপর সামরিক হামলা অমানবিক অপরাধ যা যুদ্ধের সময়ও নিষিদ্ধ।" গত সপ্তাহে ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার হামলার সমুচিত জবাব না দেওয়ায় দেশে চাপের মধ্যে রয়েছেন লি। রোববার কোরীয় উপদ্বীপের পশ্চিম উপকূলে যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার পর সোমবার তিনি প্রথম জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখলেন। এ সামরিক মহড়াকে যুদ্ধের উস্কানি আখ্যা দিয়ে পীত সাগরে উৎক্ষেপণ মঞ্চে ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে উত্তর কোরিয়া। এ পরিস্থিতিতে কোরীয় উপদ্বীপে বিরাজ করছে চরম উত্তেজনা। পশ্চিম উপকূলের বিরোধপূর্ণ জলসীমায় সহিংসতার ঘটনা নতুন কিছু নয়। গত ১১ বছরে সেখানে সহিংসতায় অনেক নাবিকের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ডুবির ঘটনা ঘটেছে। তবে গত মঙ্গলবারই প্রথম আবাসিক এলাকায় হামলা হয়। উত্তরের সে হামলায় দুই বেসামরিক নাগরিকসহ চার জন নিহত হয়। এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার অবস্থান দেশটির সংবাদমাধ্যমসহ জনগণের কাছে ব্যাপক সমালোচিত হয়েছে। এতে চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট লি মিয়ুং বাক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৩২১ঘ.