করাচি, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের বৃহত্তম নগরী করাচির একটি আবাসিক এলাকায় রোববার আটজন আরোহী নিয়ে রাশিয়ার একটি মালবাহী বিমান বিধ্বস্ত হয়েছে।
স্থানীয় সময় শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকের এ দুর্ঘটনার পর বেশ কয়েকটি ভবনে আগুন ধরে যায়।
পুলিশ প্রধান ফয়েজ লেঘারি জানিয়েছেন, এতে পাঁচজনের মৃত্যু হয়েছে।
তবে অ্যাম্বুলেন্স সার্ভিসেস জানিয়েছে, বিমানটির কোনো আরোহী বেঁচে নেই। অন্যদিকে এক্সপ্রেস ২৪/৭ টেলিভিশন জানিয়েছে, এ দুর্ঘটনায় ১০ জনের প্রাণহানি হয়েছে।
সিভিল এভিয়েশন অথোরিটি জানিয়েছে, করাচি বিমানবন্দর থেকে উড্ডয়নের প্রায় এক মিনিটের মধ্যেই বিমানটি বিধ্বস্ত হয়।
সিভিল এভিয়েশন অথোরিটির মুখপাত্র পারভেজ জর্জ জানিয়েছেন, বিমানটি সুদানের রাজধানী খার্তুমের উদ্দেশে রওনা হয়েছিলো এবং সব ক্রুই ছিলো রাশিয়ার।
করাচি বিমানবন্দর থেকে এর আগে গত ৫ নভেম্বর ছোট একটি ভাড়া করা বিমান উড্ডয়নের কিছু সময়ের মধ্যে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় বিমানটির ২১ আরোহীর সবার মৃত্যু হয়।
এর আগে ২১ জুলাই রাজধানী ইসলামাবাদের কাছে পাকিস্তানের একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় ১৫২ আরোহীর সবার প্রাণহানি হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৯৫৯ ঘ.
bdnews24