পোর্টল্যান্ড, অরেগন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) ফাঁদে পা দিয়ে বোমা হামলা চেষ্টার অভিযোগে সোমালি বংশোদ্ভূত এক কিশোর গ্রেপ্তার হয়েছে।
এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, শুক্রবার যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডের উপশহরে ক্রিসমাস ট্রি'র আলোকসজ্জার অনুষ্ঠানে এফবিআই'র সরবরাহ করা নকল গাড়ি বোমা হামলার জন্য সেখানে ওই বোমা রাখার চেষ্টা চালানোর সময় ১৯ বছর বয়সী মোহামেদ ওসমান মোহামুদকে আটক করা হয়।
আলোকসজ্জা শুরু হওয়ার ২০ মিনিট আগে তাকে আটক করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নাগরিক মোহামুদ অজ্ঞাত কোনো একটি বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িত বলে ধারণা করা হয়। বিষয়টির সত্যতা যাচাইয়ের জন্য বোমা হামলা চালাতে তাকে নকল বোমা সরবরাহ করা হয়।
এফবিআই'র অরেগনের উর্ধ্বতন কর্মকর্তা আর্থার বালিজান বলেন, "হুমকিটি ছিলো যর্থার্থই। আমাদের তদন্তে দেখা গেছে, মোহামুদ বড় ধরনের নাশকতা ঘটানোর জন্য হামলা চালাতে চেয়েছিলো।"
এফবিআই কর্মকর্তারা জানান, এ হামলা চেষ্টা বিষয়ে একাধিক বার তারা মোহামুদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মোহামুদ তাদের জানিয়েছেন যে, ১৫ বছর বয়স থেকে সে জিহাদে বা পবিত্র যুদ্ধে যোগ দিতে চায়।
মার্কিনিরা কঠোর নিরাপত্তায় থ্যাঙ্কস গিভিং দিবস পালনের পরদিন মোহামুদ গ্রেপ্তার হলেন।
সোমবার তাকে পোর্টল্যান্ডে আদালতে হাজির করা হবে বলে ধারণা করা হচ্ছে।
অভিযোগ প্রমাণিত হলে মোহামুদের যাবজ্জীবন কারাদণ্ড ও আড়াই লাখ ডলার জরিমাণা হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/১৬৪০ ঘ.
bdnews24