ওয়াশিংটন, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিজেকে তালেবান নেতা হিসেবে পরিচয় দানকারী ব্যক্তিটি আসলে ভুয়া- সেটা মার্কিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই সন্দেহ করছিল।
শুক্রবার এ কথা বলেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তা।
মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন বলেন, ওই ভুয়া তালেবান নেতা কখনো আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দেখা করেছেন- এমনটা তিনি বিশ্বাস করেন না।
সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে মুলেন বলেন, "প্রকৃতপক্ষে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য যে সন্দেহ তৈরি হয়েছিল তা ছিল খুবই প্রাথমিক পর্যায়ে। কিন্তু পরবর্তী পর্যায়ে জানা গেছে, যে পরিচয় তিনি দিয়েছেন, আসলে তিনি তা নন।"
মুলেনের এই সাক্ষাৎকার রোববার সম্প্রচার হওয়ার কথা।
চলতি সপ্তাহে নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনেও বলা হয়েছে, আফগানিস্তানে ন্যাটোর গোপন শান্তি আলোচনায় অংশগ্রহনকারী যে ব্যক্তিটিকে 'তালেবান নেতা' বলে উল্লেখ করা হয়েছিলো সে আসলে তালেবান নেতা নয়।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরো বলা হয়, আফগানিস্তানে নয় বছর ধরে চলা যুদ্ধের শান্তিপূর্ণ সমাপ্তির লক্ষ্যে আফগান কর্মকর্তাদের সঙ্গে তালেবান নেতৃত্বের আলোচনার উদ্যোগ নেয় ন্যাটো। এই উদ্যোগের অংশ হিসেবেই তালেবানের দ্বিতীয় শীর্ষ নেতা মোল্লা আক্তার মোহাম্মদ মনসুরকে আলোচনায় বসতে সম্মত করা হয়।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ওই ব্যক্তি নিজেকে দ্বিতীয় শীর্ষ তালেবান নেতা মোল্লা আক্তার মোহাম্মদ মনসুর বলে পরিচয় দিলেও ব্যক্তি পাকিস্তানের কোয়েটা শহরের একজন সাধারণ দোকানদার ছাড়া আর কিছ্ইু নন।
২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর কোয়েটাতেই পালিয়ে যায়।
পশ্চিমা অনেক নেতাই মনে করেন, দেড়লাখ বিদেশি সেনার উপস্থিতির পরও আফগানিস্তানে সামরিক বিজয় অর্জন সম্ভব নয়। ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর বর্তমানে দেশটিতে সহিংসতার মাত্রা ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে।
সাক্ষাৎকারে মুলেন জানান, "কথার জন্যই শুধু কথা। কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের সত্যিই খুব বেশি অগ্রগতি অর্জিত হয়নি।"
২৪ নভেম্বর ধারণ করা এই সাক্ষাৎকারের লিখিত রূপটি সিএনএন প্রকাশ করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১২৫ঘ.
bdnews24