সিউল, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী বছর থেকে দক্ষিণ কোরিয়া সামরিক খাতে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে। স্থানীয় সংবাদমাধ্যমসূত্রে এ খবর জানা গেছে।
গত মঙ্গলবার দক্ষিণ কোরিয়ায় গোলা বর্ষণ করে উত্তর কোরিয়া। এরপর থেকে কোরীয় উপদ্বীপ অঞ্চলে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যেও খানিকটা দূরত্ব তৈরি হয়েছে।
এই পরিস্থিতিতে রোববার পীত সাগরে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে। বিষয়টি সহজভাবে নেয়নি উত্তর কোরিয়া এবং চীন।
এই মহড়া পরিস্থিতিকে যুদ্ধের মুখে ঠেলে দিচ্ছে বলে উত্তর কোরিয়া শুক্রবার অভিযোগ করেছে। একই ইস্যুতে চীনও পরিস্থিতি যুদ্ধের দিকে যাচ্ছে বলে হুঁশিয়ারি জানিয়েছে।
'দ্য কোরিয়া ইকোনমিক ডেইলি' জানায়, আগামী বছর সামরিক খাতে ৫ দশমিক ৮ শতাংশ বরাদ্দ বাড়ানোর পরিকল্পনা করেছে সরকার, অর্থের অংকে যা দাঁড়ায় দুই হাজার ৭০০ কোটি মার্কিন ডলার।
ভারী অস্ত্র, যুদ্ধবিমান কেনার পেছনে এই অর্থ ব্যয় করা হবে।
প্রতিবেদনে আরো বলা হয়, সংসদ এরচেয়ে বেশি অর্থ বরাদ্দেরও অনুমোদন দিতে পারে।
অন্যদিকে, মার্কিন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান অ্যাডমিরাল মাইক মুলেন সিএনএন-এ দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, উত্তর কোরিয়ার পারমাণবিক উচ্চাকাক্সক্ষা ও দেশটির নেতা কিম জং-ইল ধারণাতীত ভাবে ওই অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছেন।
মুলেন বলেন, "এসব কিছু জানার পরও চীন কেন কঠোর অবস্থানে যাচ্ছে না?"
তিনি আরো বলেন, "আমার মতে ওই ব্যক্তিকে (কিম) নিয়ন্ত্রণের জন্য (চীন) চেষ্টা করে, কিন্তু আমি নিশ্চিত নই তিনি (কিম) নিয়ন্ত্রণযোগ্য কিনা।"
মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ইয়নপিয়ং দ্বীপে উত্তর কোরিয়ার গোলাবর্ষণের ঘটনার পর যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া তাৎক্ষণিকভাবে পীত সাগরে যৌথ মহড়া শুরুর ঘোষণা দেয়। এরই প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়া কড়া ভাষায় এর জবাব দিলো।
কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে, গোলা বর্ষণের ঘটনার আগেই যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১২০০ ঘ.
bdnews24