২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জান্তার সঙ্গে কাজ করতে চান সু চি

মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2010, 07:51 AM

Updated : 25 Aug 2022, 07:38 PM

ব্যাংকক, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মিয়ানমারের জান্তা সরকারের সঙ্গে কাজ করার ইচ্ছের কথা জানিয়েছেন দেশটির গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি। সেইসঙ্গে জান্তাদের নতুন রাজনৈতিক পদ্ধতি জনগণকে যদি সহায়তা করে তবে তাতে সমর্থন জানানোর কথাও জানিয়েছেন তিনি। মুক্তির ছয়দিন পর শুক্রবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানান নোবেল শান্তি পুরস্কার জয়ী ৬৫ বছর বয়সী সু চি। জান্তা সরকার গত ২১ বছরের মধ্যে ১৫ বছরই গৃহবন্দি করে রাখে সু চিকে। সম্প্রতি তাকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির পরই মিয়ানমারের জান্তা সরকারকে গণতান্ত্রিক সংস্কারের পথে নিয়ে আসার জন্য গভীর ইচ্ছের কথা জানিয়েছেন তিনি। সু চি বলেন, "সামরিক বাহিনীর সঙ্গে সহযোগিতা করার বিষয়টি আমরা নাকচ করে দেইনি।" মিয়ানমারে একটি অহিংস শান্তিপূর্ণ বিপ্লব ছড়িয়ে দেওয়ার বিষয়ে তার ভাবনা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, "কতটা কার্যকর ও কতগুলো ধাপে বিষয়টি নিয়ে কাজ করতে পারি এখনো সে ব্যাপারে আমরা আলাপ করিনি। তবে সামরিক বাহিনী আর চাই না এমনটি আমরা বলছি না, বরং একে আমরা নাটকীয় পরিবর্তনের চেয়ে তাৎপর্যপূর্ণ পরিবর্তন হিসেবে দেখবো। নাটক সব সময় মঙ্গলজনক নয়।" একইসঙ্গে এ নেত্রী নিজেকে সর্বোপরি একজন রাজনীতিক বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এবং রাজনীতিতে ফিরে আসার পরিকল্পনার বিষয়টিও নিশ্চিত করেছেন। তিনি বলেন, "আমি একজন রাজনীতিক। ব্যক্তির নিজের কাছে যা গুরুত্বপূর্ণ মনে হয় তাকে কখনোই সে বিষয় থেকে বের করে আনা ঠিক না। জনগণ আমাকে সেভাবে দেখতেই পছন্দ করে। আমি রাজনীতি নিয়ে কাজ করি সুতরাং আমি একজন রাজনীতিক।" ইয়াঙ্গুনে নিজ বাসভবন থেকে দেওয়া ওই টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে সু চি জানান, যদিও নিরাপত্তার ব্যাপারে তিনি খুবই উদ্বিগ্ন, কিন্তু তারপরও গ্রামে গ্রামে গিয়ে সমর্থকদের সঙ্গে মিলিত হওয়ার পরিকল্পনা করছেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/সিআর/১৩৪৮ঘ.