বার্লিন, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের মুম্বাই স্টাইলে জার্মানিতে সন্ত্রাসী হামলা চালানো হতে পারে। এ ধরনের হুমকির খবরে দেশটিতে সতর্কতা জারি করা হয়েছে। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টোমাস দে মেজিয়ার বৃহস্পতিবার এ কথা জানান।
২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৬৬ জন নিহত হন।
জেডডিএফ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে মেজিয়ার বলেন, "খুব শিগগিরই সন্ত্রাসীরা বাইরে থেকে এসে কোনো রকম আভাস না দিয়েই বিল্ডিং কিংবা জনসমাগম স্থলে আত্মঘাতী হামলা চালাবে। আমরা প্রকৃত পক্ষে এই সন্ত্রাসী হুমকি মোকাবিলার লক্ষ্যেই প্রস্তুতি নিচ্ছি।"
বুধবার জার্মানি জানিয়েছে, ইসলামি সন্ত্রাসবাদীরা আগামী দু'সপ্তার মধ্যে হামলার পরিকল্পনা করছে বলে তাদের কাছে শক্ত প্রমাণ রয়েছে। যার কারণে দেশটি রেলস্টেশন এবং বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করেছে।
নাম প্রকাশ না করার শর্তে এক জার্মান নিরাপত্তা কর্মকর্তা হামলা সম্পর্কে তিনটি সম্ভাব্য ধরনের কথা জানিয়েছেন, প্রথমত, সম্ভাব্য এই হামলার সঙ্গে আল-কায়দার শীর্ষ নেতাদের অন্যতম ইউনিস আল মাউরিটানির প্রত্যক্ষ সংযোগ থাকতে পারে।
দ্বিতীয়ত মুম্বাই স্টাইলে হামলা চালানো হতে পারে।
তৃতীয়ত, হামলাকারীরা ইতোমধ্যে জার্মানিতে ঢুকে পড়েছে।
তবে এসব কিছুর পরও সবাইকে শান্ত থেকে স্বাভাবিক কাজ-কর্ম চালিয়ে যেতে পরামর্শ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মেজিয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১১৫৯ঘ.
bdnews24