ইয়াংগুন, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ভোগ জর্জরিত মিয়ানমারের জনগণ সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন পূরণের আশা নিয়ে অধীর আগ্রহে তাকিয়ে আছে গণতন্ত্রের মূর্ত প্রতীক অং সান সু চি'র দিকে।
কিন্তু সামরিক শাসনের জাঁতাকল থেকে সু চিই মুক্তিদাতা-- এ ধারণায় বিশ্বাসী মিয়ানমারের জনগণকে সতর্ক করে দিয়ে পর্যবেক্ষকরা বলছেন, সু চির অলৌকিক কোনো ক্ষমতা নেই। তার সাধ্যের একটা সীমা আছে। চাইলেই তিনি অকল্পনীয় কিছু করতে পারবেন না।
সাত বছরের গৃহবন্দিত্ব থেকে নিঃশর্ত মুক্তির পর সু চি প্রথম পরিপূর্ণ মুক্তির আস্বাদ নিয়ে রোববারের দিনটি অতিবাহিত করার সময় ইয়াঙ্গুনের রাজপথে যেন নতুন আশার হাওয়া বইছিল।
এর আগে শনিবার সু চির মুক্তির পরপরই তার প্রথম ভাষণ শোনার জন্য ভিড় করে হাজার হাজার মানুষ।
অনেকের চোখে জাতির জনকের এ কন্যার অনুপস্থিতিতেও তার জনপ্রিয়তায় যে ভাটা পড়েনি জনগণের এ সাড়া তারই প্রমাণ।
মিয়ানমারের প্রধান শহরের একজন ট্যাক্সি চালকের উক্তি, "অং সান সুচির মুক্তি আমাদের জন্য এক সুখকর যাত্রার সূচনা ঘটাবে এই আমার প্রত্যাশা।"
"সব বার্মিজের জন্যই এ এক বিশেষ দিন। আমাদের নেত্রী আজ মুক্ত।"
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রায় পাঁচ দশকের সামরিক শাসনে নিষ্পেশিত মিয়ানমারের জনগণ গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে।
তাদের এ অসীম প্রত্যাশা পূরণ করতে হলে সু চি কে আরো সংগ্রামের মুখোমুখি হতে হবে।
থাইল্যান্ডের মিয়ানমার বিশ্লেষক অং নেইং এর মন্তব্য, সু চির ওপর এখন অনেক চাপ। আর তিনি কোন অলৌকিক নেত্রী নন।
"তার উচিত জনগণকে বাস্তববাদী হওয়া ও ধৈর্য ধরার আহ্বান জানানো। গণতন্ত্রের পথ একটি প্রক্রিয়া। রাতারাতি এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাবে না।" বলেন নেইং।
নোবেল জয়ী নেত্রী সু চিও অবশ্য এসব চ্যালেঞ্জ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল। অনুসারীদের কাছে ইতোমধ্যেই এ ব্যাপারে সময় চেয়েছেন তিনি।
বিরোদীধের সঙ্গে লড়তে তিনি ভিন্ন পন্থার আভাস দিয়ে বলেছেন, "আমি সব গণতান্ত্রিক শক্তির সঙ্গে কাজ করতে চাই।"
তবে সবচেয়ে বড় প্রশ্নটি হচ্ছে মৃদুভাষী এই নেত্রী সামিরক জান্তার রাজনৈতিক বিরোধীদের মধ্যে ঐক্য ফেরাতে পারবেন কিনা। বিশেষ করে নির্বাচনের পরের এ সময়টিতে যে নির্বাচন পশ্চিমারা প্রত্যাখ্যান করেছে।
নির্বাচন বয়কট করে সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) বিলুপ্ত হয়েছে। এতে করে দলে ঘোরতর বিভক্তি দেখা দেওয়ার পাশাপাশি তার অবস্থানও দুর্বল হয়ে পড়েছে।
এখন সু চির প্রধান কজ হবে দলকে আবার নতুন করে গড়ে তোলা যাতে তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারে।
তাছাড়া, জান্তা সরকার এখন সুচির চলাফেরায় কোনো বাধা না দিলেও সু চিকে প্রতিটি পদক্ষেপই নিতে হবে সতর্কভাবে। সামরিক শাসনের সীমা লঙ্ঘন না করার ব্যাপারে তাকে সবসময়ই সজাগ থাকতে হবে।
জান্তা সরকারের মনোভাব বোঝা দায়। কিন্তু এর একটা সীমা নিশ্চয়ই আছে। সু চি যা ইচ্ছা তাই করতে পারবেন না। স্বাধীনতা যাতে অক্ষুন্ন থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তাকে। তা নাহলে আবারো তিনি গৃহবন্দিত্বের ফাঁদে পড়বেন।
সূত্র: এএফপি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০৯ ঘ.
bdnews24