জেরুজালেম, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শারীরিক অসুস্থতার কারণে প্রায় পাঁচ বছর হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে কোমায় থাকা ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েল শ্যারন শুক্রবার বাড়ি ফিরছেন।
২০০৬ সালের জানুয়ারিতে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন শ্যারন।
এখন একটি পূর্ণ চিকিৎসক দলের অধীনে হাসপাতালের পরিবর্তে বাড়িতে থাকবেন শ্যারন। হাসপাতালের চেয়ে বাড়িতেই তার পরিচর্যা ভালো হবে বলে পরামর্শ দিয়েছেন ডাক্তাররা।
শ্যারন সম্পূর্ণ সুস্থ হবেন কিনা বা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন কিনা জানতে চাওয়া হয় হাসপাতালের পুনর্বাসন বিষয়ক পরিচালক অধ্যাপক শ্লোমো নোইয়ের কাছে।
এর পরিপেক্ষিতে ইসরায়েলের আর্মি রেডিওকে নোই বলেন, "সত্যি বলতে, তার অবস্থার উন্নতি হবে বলে আশা করা যায়। তবে খুব বেশি উন্নতি হবে না। কোনো নাটকীয় উন্নতি ঘটার সুযোগ এখানে নেই।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১৫০৭ঘ.
bdnews24