বাগদাদ, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-শিয়া নেতা নুরি আল মালিকি আবারো ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
বিবিসি জানিয়েছে, পুনর্নির্বাচিত ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি মালিকিকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।
গত মার্চের নির্বাচন পরবর্তী আট মাসের রাজনৈতিক অচলাবস্থার নিরসনে রাজনৈতিক দলগুলো একটি সমঝোতায় পৌঁছানোর পর নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেলেন মালিকি।
বৃহস্পতিবার সংসদে গোপন ভোটের মাধ্যমে আল ইরাকিয়া জোটের এমপি ওসামা নুজাইফিকে স্পিকার মনোনীত করা হয়।
এমপিরা তখন ভোটের মাধ্যমে জালাল তালাবানিকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেন।
তবে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেওয়ার সময় নুজাইফি ও আলাবিসহ সুন্নি সমর্র্থিত ইরাকিয়া জোটের প্রায় এক তৃতীয়াংশ এমপি সংসদ থেকে বেরিয়ে যায়।
ইরাকের সাবেক প্রধানমন্ত্রী ইয়াদ আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া জোটের অভিযোগ সাদ্দাম হোসেনের বাথ পার্টির সঙ্গে সম্পর্ক থাকার দায়ে নিষিদ্ধ চার সুন্নি নেতাকে পুনর্বাসিত করার চেষ্টা করছেন মালিকি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার ইরাকের সংসদ অধিবেশনকে স্বাগত জানিয়েছেন।
হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, "এ অগ্রগতিতে প্রেসিডেন্ট অনুপ্রাণিত হয়েছেন। ইরাকি জনগণের প্রতিনিধিত্বশীল ও মার্চের নির্বাচনের ফলাফলের প্রতিফলনে সরকার গঠনে তিনি ইরাকের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।"
গত মার্চের নির্বাচনে আলাবির নেতৃত্বাধীন ইরাকিয়া জোট মালিকির স্টেট অব ল পার্টির চেয়ে দুইটি আসন বেশি পেলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোনো পক্ষের ছিলো না।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রীত্বের প্রশ্নে দেশটিতে রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়। ইয়াদ আলাবি ও নুরি আল মালিকি উভয়েই সরকারের সবচেয়ে ক্ষমতাশালী পদটির দাবিদার হয়ে ওঠেন।
অবশেষে ইয়াদ আলাবির ইরাকিয়া জোটের সমর্থনেই প্রধানমন্ত্রী মনোনীত হলেন নুরি আল মালিকি।
আর এর মধ্যদিয়ে ইরাকে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হতে চলেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/সিআর/১২৫৬ঘ.
bdnews24