সউল, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে বুধবার দক্ষিণ কোরিয়া সফরে গেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
ইন্দোনেশিয়ায় মাউন্ট মেরাপি আগ্নেয়গিরির ছাইমেঘের কারণে ওবামা কয়েকঘন্টা আগেই রওনা দিয়ে দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন। প্রশাসনিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিএনএন একথা জানিয়েছে।
দুদিনব্যাপী জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে সমবেত হচ্ছেন অন্যান্য বিশ্ব নেতারাও।
বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে ওবামা ইতোমধ্যেই তাদেরকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে শক্তিশালী মার্কিন অর্থনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ওবামা জি-টোয়েন্টিভুক্ত দেশগুলোর নেতাদেরকে মতবিরোধ ভুলে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য কাজ করে যাওয়ার আহ্বান জানান।
তিনি এও স্মরণ করিয়ে দেন যে, বিশ্বের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন যুক্তরাষ্ট্রের একার দায়িত্ব নয়।
মঙ্গলবার জি-টোয়েন্টি নেতাদের কাছে পাঠানো একটি চিঠিতে ওবামা লেখেন, সব দেশ নিজ নিজ অবস্থান থেকে নিজেদের দায়িত্ব পালন করলে আমরা সবাই উচ্চ প্রবৃদ্ধির সুফল পাবো।
বিশ্বজুড়ে অর্থনৈতিক ভারসাম্যহীনতা দূর করার পদক্ষেপ নিতে তিনি নেতাদেরকে আহ্বান জানান।
এবারের জি-টোয়েন্টি সম্মেলনের স্লোগান 'অংশীদারভিত্তিক সংকটমুক্ত প্রবৃদ্ধি'। ২০০৮ সালে অর্থনৈতিক সঙ্কট দেখা দেওয়ার পর পঞ্চম সম্মেলন এটি। বিশ্বে সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনার আশা করা হচ্ছে এ সম্মেলনে।
কিন্তু অর্থনৈতিক নীতি বিশেষত গত সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফডারেল রিজার্ভ সরকারি বন্ড কেনার জন্য অতিরিক্ত ৬০০ বিলিয়ন ডলার ব্যয়ের যে সিদ্ধান্ত নিয়েছে তা নিয়ে নেতাদের মধ্যে গভীর মতবিরোধ রয়েছে।
সমালোচকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এ নীতির কারণে ডলার দুর্বল হয়ে অন্য দেশগুলোর জন্য ক্ষতির কারণ হবে। কিন্তু ওবামার মতে, ডলারের শক্তিশালী হওয়াটা নির্ভর করে যুক্তরাষ্ট্রে অর্থনীতি কতটা শক্তিশালী তার ওপর।
১০ দিনের এশিয়া সফরের অংশ হিসেবে বুধবার ইন্দোনেশিয়া সফর করেন ওবামা। সেখান থেকেই জি- টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়ায় যান তিনি।
সফরকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মায়ুং বাক ও চীনের প্রেসিডেন্ট হু জিনতাও এর সঙ্গে বৈঠক করবেন ওবামা।
তাছাড়া, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনাদের উদ্দেশেও তার ভাষণ দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৮৪১ ঘ.
bdnews24