নারিতা (জাপান), নভেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শান্তিতে নোবেলজয়ী চীনের কারাবন্দি মানবাধিকারকর্মী লিও জিয়াবোর প্রতি শনিবার পুনরায় সমর্থন ব্যক্ত করে তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন দালাই লামা।
তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক এই নেতা এখন জাপানে অবস্থান করছেন।
টোকিওর নিকটবর্তী নারিতায় অবস্থানরত দালাই লামা সাংবাদিকদের বলেন, "সরকার পতনের লক্ষ্যে তিনি (লিও জিয়াবো) আন্দোলন করেননি, আরো স্বচ্ছতা ও জবাবদিহিতাই ছিল তার আন্দোলনের লক্ষ্য।"
দালাই লামাও ১৯৮৯ সালে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন। ওই একই বছর তিয়ানআনমেন স্কয়ারে গণতন্ত্রকামীদের ওপর চীনা কর্তৃপক্ষ নির্মম দমনাভিযান চালায়।
এর আগে লিও জিয়াবোকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ায় ক্ষোভ জানিয়েছে চীন। জিয়াবো বর্তমানে কারাগারে সাজা ভোগ করছেন। গণতন্ত্র এবং বহুদলীয় শাসন ব্যবস্থা চালুর চেষ্টা করার অভিযোগে জিয়াবোকে ১১ বছরের কারাদণ্ড দেয় চীনা আদালত।
গত মাসে জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান বলেছেন, জিয়াবোর মুক্তি তিনিও চান। কিন্তু আনুষ্ঠানিকভাবে তাকে মুক্তি দেওয়ার দাবি জানানো থেকে বিরত থাকে জাপান।
সেপ্টেম্বরে চীনা মাছ ধরার এক ট্রলারের ক্যাপ্টেনকে আটক করার ঘটনায় জাপানের সঙ্গে সম্পর্কের অবণতি হয় চীনের।
বিতর্কিত সমুদ্রসীমায় জাপানের উপকূলরক্ষী জাহাজের সঙ্গে ওই ট্রলারের সংঘর্ষ হলে ক্যাপ্টেনকে আটক করা হয়। পরবর্তী সময়ে ওই চীনের চাপের মুখে ক্যাপ্টেনকে ছেড়ে দিতে বাধ্য হয় জাপান।
ধারণা করা হচ্ছে, আগামী সপ্তায় টোকিওর কাছে ইয়োকাহামায় অনুষ্ঠিতব্য এপেক-এর শীর্ষ সম্মেলনের ফাঁকে জাপানি প্রধানমন্ত্রী নাওতো কান ও চীনা প্রেসিডেন্ট হু জিনতাও বৈঠক করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিআর/১৫০২ঘ.
bdnews24