সিঙ্গাপুর, নভেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- অস্ট্রেলিয়ার কান্তাস এয়ারলাইনের এ৩৮০ যাত্রীবাহী বিমান ৪৫৯ জন আরোহী নিয়ে বৃহস্পতিবার সিঙ্গাপুরে জরুরি অবতরণ করেছে।
সিডনিগামী বিমানটি সিঙ্গাপুর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এর ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। চারটি ইঞ্জিনের একটি বিকল হয়ে গেলে বিমানটি জরুরি ভিত্তিতে সিঙ্গাপুরে অবতরণ করে।
তবে এতে বিমানের কেউ আহত হয়নি বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার কর্মকর্তারা।
বিশ্বের সর্ববৃহৎ এ যাত্রীবাহী বিমানটির তিন বছরের বণিজ্যিক ফ্লাইটে এ ধরনের সমস্যা আগে দেখা যায়নি বলে মন্তব্য করেছেন কান্তাস এয়ারলাইনের প্রধান নির্বাহী অ্যালেন জইস।
সিডনিতে সাংবাদিকদের তিনি বলেন, "এ৩৮০ চমৎকার বিমান। ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার মতো ঘটনা আমরা আগে কখনো দেখিনি। স্বভাবতই আমরা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছি। কারণ, সমস্যাটি গুরুতর।"
গণমাধ্যমে প্রাথমিক খবরে বলা হয়েছিলো বিমানটি ইন্দোনেশিয়ার বাতাম দ্বীপে বিস্ফোরণ ঘটে সিঙ্গাপুরের কাছে বিধ্বস্ত হয়েছে।
কিন্তু পরে সিঙ্গাপুরের বিমান কর্তৃপক্ষ জানায়, বিমানটি বিধ্বস্ত হয়নি এবং নিরাপদে অবতরণ করেছে।
কান্তাস এয়ারলাইন কোনো বিস্ফোরণ ঘটেনি বলে জানালেও প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে।
তাছাড়া, বিমানটি সিঙ্গাপুরে অবতরণ করার পর এর বাম ডানার কাছের ইঞ্জিনটিতে পোড়ার চিহ্ন দেখা গেছে। এয়ারলাইনের লাল ক্যাঙ্গারু লোগো চিহ্নিত একটি অংশও খোয়া গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাম ডানার উপরের অংশটিও।
'এরকম ভয়ঙ্কর ব্যাপার আগে কখনো দেখিনি' বলে মন্তব্য করেছেন বিমানটির এক যাত্রী টেলর উস্টার।
তিনি বলেন," আমি শটগানের মতো বড় ধরনের আওয়াজ শুনেছি। তারপরই একটি ইঞ্জিন টুকরো টুকরো হয়ে ভেঙে পড়তে দেখি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬০৪ ঘ.
bdnews24