লন্ডন, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- বিশ্বে যুদ্ধ ও সন্ত্রাসকে সবচেয়ে বড় হুমকি বলে মনে করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ভারতের লোকজন। অন্যদিকে, চীনারা জলবায়ু পরিবর্তন নিয়ে বেশি উদ্বিগ্ন।
লন্ডনের কিংস কলেজ পরিচালিত এক জরিপের ফলে এ তথ্য বেরিয়ে এসেছে।
লন্ডনের এ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মোট ৮ টি দেশে---অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, যুক্তরাজ্য, ভারত, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা ও যুক্তরাষ্ট্র---জরিপটি পরিচালনা করেছে 'ইপসস মোরি'।
এতে দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিনি মনে করে যুদ্ধ ও সন্ত্রাসবাদই বিশ্বে সবচেয়ে বেশি উদ্বেগের ব্যাপার। তাই এর মোকাবেলা করা প্রয়োজন।
আর চীনে মাত্র ১৭ শতাংশ নাগরিক জাতীয় নিরাপত্তার নামে সন্ত্রাসকে সবচেয়ে বড় হুমকি মনে করে।
চীনের কাছে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এবং এর পরপরই রয়েছে জনসংখ্যা সমস্যা।
যুক্তরাষ্ট্রের পাশাপাশি যুদ্ধ ও সন্ত্রাস যুক্তরাজ্য, ভারত ও সৌদি আরবের নাগরিকদের কাছেও সবচেয়ে বড় উদ্বেগের বিষয়।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের কাছে সন্ত্রাসবাদ ইস্যু সবচেয়ে শেষে রয়েছে।
বর্তমান বিশ্বে প্রথম দু-তিনটি চ্যালেঞ্জ কী- এ প্রশ্নের জবাবে এ তথ্য পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২১০৫ ঘ.
bdnews24