২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে পণ্য ও ডাক পাঠানো ৪৮ ঘণ্টা স্থগিত করেছে গ্রিস

একের পর এক পার্সেল বোমার হুমকি ঠেকাতে আগামী ৪৮ ঘন্টার জন্য সব ধরনের আন্তর্জাতিক ডাক ও পণ্য পাঠানো স্থগিত করেছে গ্রিস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 07:32 PM

এথেন্স, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- একের পর এক পার্সেল বোমার হুমকি ঠেকাতে আগামী ৪৮ ঘন্টার জন্য সব ধরনের আন্তর্জাতিক ডাক ও পণ্য পাঠানো স্থগিত করেছে গ্রিস। সোমবার থেকে এথেন্সে এ পর্যন্ত অন্ততপক্ষে ১৪ টি পার্সেল বোমা পাওয়া গেছে। যেগুলোর লক্ষ্য ছিলো বিভিন্ন সরকারি ও আন্তর্জাতিক কার্যালয়। এথেন্সের সুইস ও রুশ দূতাবাসে পার্সেল বোমা বিস্ফোরণও ঘটেছে। মঙ্গলবার চিলি, বুলগেরিয়া ও জার্মান দূতাবাসসহ একাধিক দূতাবাস পার্সেল বোমার লক্ষ্য হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্টের ঠিকানায় পাঠানো আরেকটি বোমা ধরা পড়ে গ্রিসের কুরিয়ার সার্ভিস কার্যালয়ে। মেক্সিকো দূতাবাসের ঠিকানায় পাঠানো আরেকটি পার্সেল বোমা বিস্ফোরণে একজন কর্মী আহতও হন। গ্রিক চরমপন্থীরা এ ঘটনার পেছনে জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গ্রিসের প্রধানমন্ত্রী জর্জ পাপান্দ্রেউর কৃচ্ছতা পরিকল্পনার বিরুদ্ধে রোববারের স্থানীয় নির্বাচনে লোকজনকে সরকারের বিরুদ্ধে ভোট দিতে উৎসাহিত করা এসব পার্সেল বোমা পাঠানোর লক্ষ্য হয়ে থাকতে পারে। আরো পার্সেল বোমা পাঠানো হতে পারে আশঙ্কায় সরকার আপাতত ডাক ও পণ্য পাঠানো বন্ধ রেখেছে। বুধবার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, "আরো পার্সেল বোমা থেকে থাকলে তা এখন আছে গ্রিসের বাইরে। গ্রিসে নয়।" কারণ, কুরিয়ার সার্ভিসের কর্মীরা ইতোমধ্যেই তল্লাশি চালিয়ে দেশে সরবরাহের কোনো ডাক বা পাণ্যে সন্দেহজনক কিছু পায়নি বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/১৯২৩ ঘ.