লন্ডন, নভেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইয়েমেন থেকে বিমানে করে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পার্সেল বোমা পাঠানোর ঘটনা ধরা পড়ার পর বিমান চলাচলে নজরদারি বাড়িয়েছে বিভিন্ন দেশ।
শুক্রবার বোমার একটি প্যাকেট লন্ডনের প্রায় ২৬০ কিলোমিটার উত্তরে ইস্ট মিডল্যান্ডস বিমানবন্দরে ইউনাইটেজ পার্সেল সার্ভিসের একটি মালবাহী বিমানে পাওয়া যায়। অপর প্যাকেটটি দুবাইয়ে ফেডেক্স কর্পোরেশনের মালামাল রাখার জায়গায় ধরা পরে।
পার্সেল বোমাদু'টো ইয়েমেন থেকে শিকাগোর দুটি ইহুদি উপাসনালায়ের ঠিকানায় পাঠানো হচ্ছিল।
এ ঘটনার প্রতিক্রিয়ায় সোমবার বিমান চলাচলে নিরাপত্তা জোরদার করেছে ব্রিটেন সরকার।
যুক্তরাজ্য জানায়, আটক করা বিস্ফোরক প্রিন্টারের কার্টিজের মধ্যে ছিলো, যা দিয়ে বিমান বিধ্বস্ত করা সম্ভব।
আরব উপদ্বীপের আল কায়দা এ হামলার চেষ্টা চালিয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ।
তাছাড়া সন্ত্রাসীরা আরো হামলা চালানোর পরিকল্পনা করছে কিনা সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছে যুক্তরাজ্য।
এ ঘটনায় বোমা তৈরিতে পারদর্শী সৌদি নাগরিক ইব্রাহিম হাসান আল-আসিরিকে সন্দেহ করছে মার্কিন কর্মকর্তারা। ইব্রাহিম আরব উপদ্বীপের আল কায়দার হয়ে কাজ করছে বলে ধারণা করা হয়।
যুক্তরাজ্য যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা পরিকল্পনা ঠেকাতে, বিমান যাত্রীদের হাতে বহনযোগ্য মালামাল হিসেবে বড় ধরনের টোনার কার্টিজ বহন নিষিদ্ধ করেছে।
এছাড়া সোমালিয়া থেকে পাঠানো মালামাল পরিবহনসহ ইয়েমেনের মালবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
ওদিকে, যুক্তরাষ্ট্রগামী মালবাহী জাহাজ ও বিমানের সবকিছুর স্ক্যানিং জোরদার করবে বলে ঘোষণা দিয়েছে নাইজেরিয়া।
ইয়েমেন থেকে বিমানের পার্সেল সার্ভিসে পাঠানো সব ধরনের জিনিস গ্রহণ নিষিদ্ধ করেছে নেদারল্যান্ডস।
ইয়েমেন থেকে যাত্রীবাহী বিমানের ফ্লাইট স্থগিত করেছে জার্মানি। অন্য আরো কিছু দেশের সঙ্গে মালবাহী বিমান যোগাযোগ নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে জার্মান কর্তৃপক্ষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএইচ/সিআর/১৪০৬ঘ.
bdnews24